‘সক্ষমতা বিকাশের ২৩ বছরের পথচলা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা সাংস্কৃতিক আয়োজন ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। গত রোববার (৪ অক্টোবর) ইউল্যাব ক্যাম্পাসে দিনব্যাপী আয়োজিত এই festivities-এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি এবং ইউল্যাব পরিবারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এই উদ্‌যাপনে ক্যাম্পাসজুড়ে পাঁচটি বিশেষ ইন্টারঅ্যাকটিভ জোন স্থাপন করা হয়েছিল, যেগুলোর নাম ছিল—ডিসকভার, ডেভেলপ, ডেমোনস্ট্রেট, ডিস্টিংগুইশ ও বিলং। এই জোনগুলোর মাধ্যমে ইউল্যাবের শিক্ষার বহুমুখী সুযোগ, অভিজ্ঞতাভিত্তিক শিখন পদ্ধতি, শিক্ষার্থীদের অনন্য অর্জন, সৃজনশীল কর্মকাণ্ড এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্লাবের কার্যক্রম বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

দর্শনার্থীদের আকর্ষণ করতে আয়োজন করা হয়েছিল শিক্ষার্থীদের সক্ষমতা প্রদর্শনী এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া ‘আইডিয়াস অব বাংলাদেশ’ শীর্ষক দেয়ালচিত্র, আন্তর্জাতিক অংশীদারত্বের প্রদর্শনী, কনফুসিয়াস ইনস্টিটিউটের উদ্যোগে চীনা ক্যালিগ্রাফি প্রদর্শনী এবং জাপান দূতাবাসের আয়োজনে জাপানি ঐতিহ্যবাহী পোশাক ইউকাতা পরিধান ও অরিগামি কর্মশালার মতো বৈচিত্র্যময় আয়োজন ছিল এই উৎসবের অন্যতম আকর্ষণ।

বিকেল চারটায় ইউল্যাবের থিম সং পরিবেশনার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউল্যাবের উপাচার্য ড. সামসাদ মর্তূজা। তিনি তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ২৩ বছরের গৌরবময় অগ্রযাত্রা, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, উদ্ভাবনী চিন্তা এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম গ্র্যাজুয়েট তৈরির প্রতি ইউল্যাবের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এই পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের অর্জন এবং গুরুত্বপূর্ণ মাইলফলকগুলো নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের প্রেসিডেন্ট কাজী আনিস আহমেদ বলেন, ‘সৃজনশীলতা, স্বাধীন চিন্তাভাবনা ও একাডেমিক উৎকর্ষ ইউল্যাবের প্রতিষ্ঠাকালীন লক্ষ্য এবং শিক্ষাদর্শনের মূল ভিত্তি।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম তারেক। তিনি তাঁর বক্তব্যে ভবিষ্যৎ কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় গ্র্যাজুয়েটদের প্রস্তুত করার কথা বলেন। তিনি ব্যবহারিক দক্ষতা অর্জন, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কার্যকর সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

পাশাপাশি, ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক অগ্রগতি, উদ্ভাবন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন ইউল্যাবের সহ–উপাচার্য ড. জুড উইলিয়াম হেনিলো। তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথি, আয়োজক, শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং উদ্‌যাপন সফল করতে যারা অবদান রেখেছেন, তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটে জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজের জমকালো পরিবেশনার মধ্য দিয়ে।