নোয়াখালীর হাতিয়া উপজেলার চর আতাউর এলাকায় বন বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ৪০ কেজি ওজনের একটি জবাই করা হরিণ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটে।

গোপন সংবাদের ভিত্তিতে ঢালচর বিটের বন কর্মকর্তারা এবং কোস্টগার্ড সদস্যরা অভিযান পরিচালনা করেন। ঘটনাস্থলে পৌঁছালে হরিণ শিকারিরা পালিয়ে যেতে বাধ্য হয়। তাদের পরিত্যক্ত অবস্থায় হরিণটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হরিণটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া আদালতে সোপর্দ করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী এর মরদেহ মাটিচাপা দেওয়া হবে।

হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, হাতিয়া উপকূলীয় অঞ্চলের বিভিন্ন চরে সংরক্ষিত বন্যপ্রাণী, বিশেষ করে হরিণ শিকার রোধে নজরদারি বাড়ানো হয়েছে। বন্যপ্রাণী শিকার ও পাচার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।