কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে পালমেইরাসের বিপক্ষে ম্যাচ চলাকালীন ডান ঊরুর পেশিতে আঘাত পেয়েছেন সান্তোস অধিনায়ক নেইমার। বুধবার ভিলা বেলমিরো স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে সমস্যাটি তৈরি হলেও ব্যথা সহ্য করে খেলা চালিয়ে যান তিনি। তবে বিরতির আগেই মাঠ থেকে সরে যেতে বাধ্য হন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। ড্রেসিংরুমের পথে চোখের জল ফেলতে দেখা যায় তাকে।

ম্যাচের ৪৩ মিনিটে বাইরে থেকে শট নিতে গিয়ে ডান পা ব্যবহার করতে না পারায় বাঁ পায়ে চেষ্টা করেন নেইমার। এরপর কয়েকবার নিজের ডান ঊরুর পেছনের অংশে হাত রাখতে দেখা যায় তাকে। বেঞ্চের দিকে ইঙ্গিত দেওয়ার পর কোচ কুকা রনিকে মাঠে নামান। অধিনায়কের বাহুবন্ধনী তুলে দেওয়া হয় গ্যাব্রিয়েল বারবোসার হাতে।

চোটের ধরন ও মাঠের বাইরে থাকার সময়কাল এখনো নিশ্চিত নয়। বিষয়টি স্পষ্ট করতে নেইমারের শারীরিক পরীক্ষা করানো হবে বলে জানা গেছে। ম্যাচটি গোলশূন্য ড্র হলেও কোপা দো ব্রাজিল থেকে বিদায় নিয়েছে সান্তোস। প্রথম লেগে পালমেইরাসের মাঠে ৩–০ গোলে হারের পর এই লেগেও একই ব্যবধানে জিতে সেমিফাইনালে উঠেছে ব্রাজিলিয়ান দল পালমেইরাস।

ম্যাচ শেষে ভিলা বেলমিরোর মাঠের অবস্থার তীব্র সমালোচনা করেন নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যমে এটিকে ভিলা বেলমিরোর ইতিহাসের সবচেয়ে বাজে মাঠ হিসেবে উল্লেখ করেন তিনি। নেইমারের অভিযোগ, মাঠে অনেক গর্ত ছিল এবং দৌড় ও হঠাৎ থামার সময় খেলোয়াড়দের স্বাভাবিকের চেয়ে বেশি শক্তি প্রয়োগ করতে হয়েছে।

সম্ভাব্য অনুপস্থিতি সান্তোসের জন্য বড় দুশ্চিন্তার কারণ। ব্রাজিলের শীর্ষ লিগে অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা দলটি রোববার ইন্টারন্যাসিওনালের মুখোমুখি হবে। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে নেইমার খেলতে পারবেন কি না, তা পরীক্ষার ফল পাওয়ার পরই জানা যাবে।