নারী এশিয়া কাপের গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। দুবাইয়ে টস জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান, কিন্তু নির্ধারিত ২০ ওভারের আগেই ১৮.১ ওভারে মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় তারা। জবাবে ৮.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৭ রান তুলে সহজ জয় পায় ভারত।

পাকিস্তানের শুরুটা মোটামুটি ভালোই হয়েছিল। মুনিবা আলী ও শাওয়াল জুলফিকার উদ্বোধনী জুটিতে ২৭ রান ওঠে। মুনিবা ১৩ রানে ফিরলে দ্রুতই বদলে যায় ম্যাচের চিত্র। শ্রী চারানির ঘূর্ণিতে একের পর এক উইকেট হারাতে থাকে পাকিস্তান। শাওয়াল দলের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন। এরপর আর কেউই ইনিংস টেনে নিতে পারেননি। অধিনায়ক ফাতিমা সানা সাত বল খেলেও রানের খাতা খুলতে পারেননি।

ভারতের হয়ে চারানি ৪ ওভারে ৭ রান দিয়ে ৩ উইকেট নেন। প্রেমা রাওয়াতও ৩ উইকেট পান, তার খরচা ৯ রান। দীপ্তি শর্মা নেন ২ উইকেট। ৫৫ রান নারী টি-টোয়েন্টিতে পাকিস্তানের সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শুরুতেই তিন উইকেট হারায়। শেফালি ভার্মা ১২, প্রতিকা রাওয়াল ৪ ও স্মৃতি মান্ধানা ৯ রান করে ফেরেন। তিনজনকেই আউট করেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা। এরপর হারমানপ্রিত কৌর ও দীপ্তি শর্মা আর কোনো বিপদ হতে দেননি। হারমানপ্রিত অপরাজিত ১৮ ও দীপ্তি অপরাজিত ১২ রান করে দলকে সহজ জয় এনে দেন। এই জয়ে গ্রুপ পর্বে জয়ের ধারা ধরে রাখল ভারত।