ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার আবারও বড় ধাক্কা খেলেন। কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে পালমেইরাসের বিপক্ষে ম্যাচে ডান ঊরুর রেক্টাস ফেমোরিস পেশিতে টাইপ ২বি চোট লাগার পর তাকে মাঠের বাইরে থাকতে হবে প্রায় দুই মাস। ব্রাজিলীয় সংবাদমাধ্যম গ্লোবোর তথ্য অনুযায়ী, সাধারণত এই ধরনের পেশি চোট থেকে সেরে উঠতে চার থেকে আট সপ্তাহ সময় লাগে। তবে নেইমারের ক্ষেত্রে পুরো আট সপ্তাহ বা তার বেশি সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার অনুষ্ঠিত ফিরতি লেগের প্রথমার্ধের শেষ দিকে, ম্যাচের ৪৩ মিনিটে ডান ঊরুতে অস্বস্তি অনুভব করেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। তিনি বেঞ্চের দিকে ইঙ্গিত দেখালে বিরতির পর আর মাঠে ফেরেননি। গোলশূন্য ড্র হওয়া এই ম্যাচের দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেয় সান্তোস।
চোটের কারণে নেইমার ব্রাজিলিয়ান সিরি ‘আ’-র আসন্ন ম্যাচে ইন্টারন্যাসিওনের বিপক্ষে খেলতে পারবেন না। এছাড়া কোপা সুদামেরিকানার কোয়ার্টার ফাইনালে ৯ ও ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য আতলেতিকো মিনেইরোর বিপক্ষে দুই লেগেও তাকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
গ্লোবোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ম্যাচে নেইমার মাত্র ৪৫ মিনিটে ছয়বার ফাউলের শিকার হলেও সরাসরি কোনো ফাউল থেকে এই চোট হয়নি। একটি মুভমেন্টের সময় পেশিতে সমস্যা দেখা দেয়। ম্যাচ শেষে ভিলা বেলমিরোর মাঠের অবস্থারও তীব্র সমালোচনা করেন তিনি। এর আগেও মাঠ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন নেইমার। সান্তোস কর্তৃপক্ষও স্বীকার করেছে যে বর্তমান মাঠের অবস্থা আদর্শ নয় এবং মৌসুম শেষে পুরো ঘাস পরিবর্তনের পরিকল্পনা রয়েছে।
সান্তোসে ফেরার পর থেকে নেইমারের চোটের লড়াই অব্যাহত। ঊরু, হাঁটু ও কাফসহ বিভিন্ন সমস্যায় নিয়মিতই মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। চলতি মৌসুমে এখন পর্যন্ত সান্তোসের হয়ে ২৫ ম্যাচে ৮ গোল ও ৮টি অ্যাসিস্ট করেছেন ব্রাজিলিয়ান তারকা।