আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসিকে সম্মান জানানো নিয়ে রোজারিও সেন্ট্রাল সমর্থকদের একাংশের মধ্যে দেখা দিয়েছে মতপার্থক্য। রোববার রোজারিও ডার্বিতে মেসিকে হাততালি দিয়ে সম্মান জানানো হবে কি না, তা নিয়েই সমর্থকদের আলোচনা চলছে।
জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর মেসির প্রতি সম্মান প্রদর্শনে এ সপ্তাহান্তের ম্যাচের ১০ম মিনিটে এক মিনিটের করতালির আয়োজন করা হয়েছে। ডেপোরটিভির তথ্য অনুযায়ী, ক্লাউসুরা প্রতিযোগিতার অষ্টম রাউন্ডের পাশাপাশি আর্জেন্টাইন ফুটবলের সব শ্রেণিতে এই উদ্যোগ থাকবে। পুরুষ ও নারীদের ফুটবল ছাড়াও ফুটসাল এবং সৈকত ফুটবল এর আওতাভুক্ত।
রোববার নিজেদের মাঠ হিগান্তে দে আরোইতোতে নিউয়েলস ওল্ড বয়েজের মুখোমুখি হবে রোজারিও সেন্ট্রাল। নিউয়েলসের সমর্থক মেসি। ক্লাবটির সঙ্গে তার সম্পর্কই সেন্ট্রাল সমর্থকদের আলোচনার কেন্দ্রে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, সেন্ট্রাল সমর্থকদের বিভিন্ন অনলাইন মাধ্যমে বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি মত প্রকাশ পাচ্ছে। কেউ মেসিকে দুয়ো দেওয়ার কথা বলছেন, কেউ আবার করতালিতে অংশ না নিয়ে নির্লিপ্ত থাকার পক্ষে।
এ ছাড়া আরেকটি প্রস্তাবও এসেছে। ১০ম মিনিটে মেসিকে করতালির পর ১১তম মিনিটে আনহেল দি মারিয়ার নামে গ্যালারি মাতাতে চান কেউ কেউ। আর্জেন্টিনার আরেক বিশ্বকাপজয়ী দি মারিয়া রোজারিও সেন্ট্রালের সঙ্গে জড়িত।
ক্লাব প্রতিদ্বন্দ্বিতা সরিয়ে মেসিকে সম্মান জানানোর পক্ষে অবশ্য রয়েছেন কিছু সমর্থক। তাদের আলোচনায় ফিরে আসছে ২০২৩ সালের জুনে মাক্সি রদ্রিগেসের বিদায়ী ম্যাচের স্মৃতি। সেবার নিউয়েলসের মাঠে উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলেন সেন্ট্রালের দি মারিয়া।
এবার ডার্বির গ্যালারিতে শেষ পর্যন্ত কোন প্রতিক্রিয়া দেখা যাবে, তা স্পষ্ট হবে ম্যাচের দিনই।