নোয়াখালীর হাতিয়ায় চর আতাউরসংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্টগার্ডের অভিযানে প্রায় ৪০ কেজি ওজনের একটি জবাই করা চিত্রা হরিণ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে হাতিয়া কোস্টগার্ড স্টেশনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে স্থানীয় মাংস ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ফলে কাউকেই আটক করা সম্ভব হয়নি। পরে তল্লাশির মাধ্যমে জবাই করা হরিণটি উদ্ধার করা হয়।
বিকেলে কোস্টগার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকতের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনি ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উদ্ধারকৃত হরিণটি হাতিয়া বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বন্য প্রাণী হত্যা ও পাচার প্রতিরোধে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে কোস্টগার্ড নিশ্চিত করেছে।
উদ্ধারকৃত হরিণটির পরবর্তী কার্যক্রম সম্পর্কে জানতে নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। তাই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।