সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের নতুন পেমেন্ট সার্ভিস ‘এক্স মানি’ চালু হওয়ার পর থেকে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে। একাধিক ব্যবহারকারী জানিয়েছেন, তারা কোনো পাসওয়ার্ড রিসেটের অনুরোধ না করলেও তাদের ইমেইলে একাধিক সতর্কবার্তা এসেছে। কোম্পানিটি হামলার বিষয়টি স্বীকার করলেও এখনো কোনো অ্যাকাউন্ট হ্যাক হওয়ার প্রমাণ মেলেনি।

ব্যবহারকারীদের অভিযোগের ভিত্তিতে এক্স তদন্ত শুরু করেছে। পণ্য প্রকৌশলী মৃদুল সিংহাই একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকে ব্যাপক হারে পাসওয়ার্ড পরিবর্তনের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে। এক্স মানি চালু হওয়ার পর হামলাকারীরা ব্যবহারকারীদের অ্যাকাউন্টে অননুমোদিতভাবে প্রবেশের চেষ্টা করছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়নি। এ ঘটনায় ব্যবহারকারীদের কাছে একাধিক ই–মেইল যাওয়ার জন্য দুঃখও প্রকাশ করেছে এক্স।

জুলাইয়ের শেষ নাগাদ চালু হওয়া এক্স মানি ব্যবহারকারীদের ৩ শতাংশ ক্যাশব্যাক, ব্যাংক কার্ডের মাধ্যমে লেনদেন এবং এটিএম থেকে বিনা মূল্যে টাকা তোলাসহ বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং সুবিধা দেয়। এর মাধ্যমে অনলাইনে কেনাকাটা ও অর্থ লেনদেন সহজ হয়েছে।

এক্সের প্রধান আইন কর্মকর্তা জেমস বার্নহাম বিষয়টি নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এক পোস্টে তিনি বলেন, “প্ল্যাটফর্মটির ব্যবহারকারীদের ক্ষতি করার চেষ্টা করা ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে এক্সের আইন ও নিরাপত্তা দল সর্বোচ্চ চেষ্টা করছে।” হামলাকারীরা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, তাঁকে আইনের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি।

সূত্র: টেকক্রাঞ্চ