মার্কিন সাময়িকী ফোর্বস-এর বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় জায়গা করে নিয়েছে ব্র্যাক ব্যাংক। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) অর্থায়নের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি বর্তমানে দেশের অন্যতম বৃহৎ খুচরা ও করপোরেট ব্যাংকে পরিণত হয়েছে। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান মনে করেন, সুশাসন, ডিজিটাল ব্যাংকিং এবং খেলাপি ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমেই এই অনন্য সাফল্য অর্জিত হয়েছে। মুক্তকণ্ঠের সাথে আলাপকালে তিনি ব্যাংকটির অগ্রযাত্রার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সাক্ষাৎকারটি নিয়েছেন ফখরুল ইসলাম।
ফোর্বস-এর বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় স্থান পাওয়া প্রসঙ্গে তারেক রেফাত উল্লাহ খান বলেন, “ফোর্বস–এর তালিকায় জায়গা পাওয়া শুধু ব্র্যাক ব্যাংকের জন্য নয়, দেশের পুরো ব্যাংক খাতের জন্য গর্বের বিষয়। তালিকাটি তৈরির প্রক্রিয়া বেশ কঠোর। ফোর্বস–এর তালিকায় থাকা ব্যাংকগুলোকে চারটি মানদণ্ডে মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে মুনাফার গুরুত্ব ৩০ শতাংশ, প্রবৃদ্ধি ও আয়ের মান ২০ শতাংশ, মূলধনের সক্ষমতা ২৫ শতাংশ এবং সম্পদের মান ও দক্ষতা ২৫ শতাংশ। তালিকা তৈরির সঙ্গে স্ট্যাটিস্টার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান যুক্ত ছিল। এ ছাড়া এসঅ্যান্ডপি ক্যাপিটালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য নেওয়া হয়েছে। আমাদের মতো উদীয়মান অর্থনীতির দেশের একটি ব্যাংক আন্তর্জাতিক পর্যায়ে যে স্বীকৃতি পেয়েছে, তা বড় অর্জন। এর পেছনে কয়েকটি কারণ রয়েছে। ব্র্যাক ব্যাংক সুশাসন, স্বচ্ছ ও নিয়মনীতি মেনে চলা ব্যাংক। কোভিডের সময়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বিনিময় হারের ওঠানামার কারণে বাজারে অস্থিরতা তৈরি হলেও আমাদের প্রবৃদ্ধি স্থিতিশীল ছিল। মুনাফাও ছিল ধারাবাহিক। ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়েই আমরা আজকের অবস্থানে এসেছি।”
এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের বাণিজ্যে কোনো প্রভাব ফেলবে কি না, সে বিষয়ে তিনি জানান, “এই মুহূর্তে হয়তো সরাসরি কোনো বাড়তি সুবিধা দেবে না। তবে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের পরিচিতি বাড়বে। বাংলাদেশের একটি ব্যাংক যখন বৈশ্বিক মঞ্চে জায়গা করে নেয়, তখন আন্তর্জাতিক মহল বাংলাদেশের ব্যাংক খাত সম্পর্কেও জানতে পারে। আমরা বিশ্বকে জানাতে পেরেছি, বাংলাদেশেও ভালো ব্যাংক ও আন্তর্জাতিক মানের ব্যাংকিং চর্চা রয়েছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ব্র্যাক ব্যাংকই এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতির তালিকায় জায়গা করে নিতে পেরেছে।”
ব্যাংকটির সামাজিক দায়বদ্ধতা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ব্র্যাক ব্যাংকে ব্র্যাকের মালিকানা রয়েছে ৪৬ শতাংশ। ফলে সামাজিক ও অর্থনৈতিক অবদান রাখার বিষয়টি তাদের ভাবনায় সব সময় থাকে। তিনি বলেন, “আমরা যে মুনাফা করি, তার ৪৬ শতাংশ ব্র্যাকের মাধ্যমে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে ব্যয় হয়।”
এসএমই খাত থেকে শুরু করে বর্তমানের বৃহৎ খুচরা ও করপোরেট ব্যাংকে রূপান্তরের ইতিহাস বর্ণনা করে তিনি বলেন, “এটি বুঝতে হলে আমাদের ২৫ বছর পেছনে ফিরে যেতে হবে। ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যই ছিল এসএমই খাতে অর্থায়ন। স্যার ফজলে হাসান আবেদ যখন ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্র অর্থায়ন নিয়ে কাজ করছিলেন, তখন এসব প্রতিষ্ঠানের অনেক গ্রাহক বড় হয়ে এসএমই পর্যায়ে পৌঁছাচ্ছিলেন। কিন্তু তাঁদের সহায়তা করার মতো ব্যাংক তখন দেশে ছিল না। সেই প্রয়োজন থেকেই ব্র্যাক ব্যাংকের যাত্রা শুরু। শুরুতে আমাদের পর্যাপ্ত অবকাঠামো, দেশজুড়ে শাখা বা দক্ষ জনবল ছিল না। ওই সময় চালু করা ঋণপণ্যও উদ্যোক্তাদের প্রয়োজনের সঙ্গে পুরোপুরি মানানসই ছিল না। এসব অভিজ্ঞতা থেকে আমরা বাজার বুঝেছি, উদ্যোক্তাদের প্রয়োজন জেনেছি এবং সে অনুযায়ী ঋণপণ্য তৈরি করেছি। এসএমইতে আমাদের খেলাপি ঋণের হার ২ শতাংশের নিচে। সামগ্রিকভাবে আমাদের খেলাপি ঋণের হার ২ দশমিক ২৭ শতাংশ। পরে ব্যবসা টেকসই করতে আমরা খুচরা ব্যাংকিংয়ে গুরুত্ব দিয়েছি। এরই মধ্যে আমাদের মোট আমানত এক লাখ কোটি টাকা ছাড়িয়েছে। ২০১০ সালের দিকে আমরা করপোরেট ব্যাংকিং শুরু করলেও ওই সময় প্রত্যাশিত সাফল্য আসেনি। ২০১৭ সালে নতুন করে ঢেলে সাজানো, পেশাদার পরিবেশ তৈরি, প্রয়োজনীয় সহায়তা কাঠামো গড়ে তোলা এবং ডিজিটাল উদ্ভাবনে মনোযোগ দেওয়ার পর ফল পেতে শুরু করি। এখন করপোরেট ব্যাংকিংয়েও আমাদের পেশাদার দল রয়েছে।”
ভবিষ্যৎ পরিকল্পনা ও ডিজিটাল উদ্ভাবন নিয়ে তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আমাদের পরবর্তী লক্ষ্য ডিজিটাল উদ্ভাবন। বিশ্বের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর কার্যক্রম ও সেবা দেওয়ার পদ্ধতিতে ডিজিটাল প্রযুক্তি বড় ভূমিকা রাখছে। গত পাঁচ থেকে সাত বছরে আমরাও এ ক্ষেত্রে অনেক কাজ করেছি। করপোরেট গ্রাহকদের জন্য করপনেট এবং খুচরা গ্রাহকদের জন্য আস্থা অ্যাপ চালু করেছি। ফলে একজন করপোরেট গ্রাহক ঘরে বসেই তাঁর ব্যাংকিং চাহিদার বড় অংশ পূরণ করতে পারছেন। আস্থা অ্যাপে ১২ লাখ গ্রাহকের মধ্যে সক্রিয় প্রায় ৬ লাখ। এই অ্যাপের মাধ্যমে মাসে প্রায় ৩০ হাজার কোটি টাকার ডিজিটাল লেনদেন হচ্ছে। অন্যদিকে করপনেটের মাধ্যমে মাসে প্রায় ৩০ হাজার কোটি টাকার লেনদেন হয়। অর্থাৎ দুই প্ল্যাটফর্মে মাসে প্রায় ৬০ হাজার কোটি টাকার ডিজিটাল লেনদেন হচ্ছে। ব্যাংক খাতের মোট ডিজিটাল লেনদেনের প্রায় ৯ দশমিক ৩২ শতাংশ ব্র্যাক ব্যাংকের মাধ্যমে হচ্ছে। ডিজিটাল ঋণের ক্ষেত্রেও আমরা অগ্রগতি করেছি। এ পর্যন্ত প্রায় ১ লাখ ৩৪ হাজার ডিজিটাল ঋণের আবেদন প্রক্রিয়াকরণ করেছি।”
বড় ব্যাংকের সাথে আসা ঝুঁকি মোকাবিলা প্রসঙ্গে তিনি বলেন, “ব্যাংকের ঝুঁকি মূলত দুই ধরনের—অভ্যন্তরীণ ও বাহ্যিক। অভ্যন্তরীণ ঝুঁকি কমাতে আমরা সুশাসনের ওপর গুরুত্ব দিয়েছি। পরিচালনা পর্ষদ থেকে শুরু করে প্রত্যেক কর্মী এই ব্যবস্থার অংশীদার। ঝুঁকি মোকাবিলায় আমাদের আরেকটি বড় শক্তি ঋণ পোর্টফোলিওর বৈচিত্র্য। অনেক ব্যাংক বড় ঋণের ওপর অতিরিক্ত নির্ভরশীল। ফলে নির্দিষ্ট একটি খাত খারাপ করলে পুরো ব্যাংক ঝুঁকিতে পড়ে। আমাদের ঋণের ৪৫ শতাংশের বেশি এসএমই খাতে, ৩৫ শতাংশের বেশি করপোরেট ব্যাংকিংয়ে এবং ১৮ থেকে ২০ শতাংশ খুচরা ব্যাংকিংয়ে। ব্যাংকঋণ পোর্টফোলিওতে বৈচিত্র্য আনতে পারলে বড় ঝুঁকিকে ছোট ছোট ঝুঁকিতে ভাগ করা সম্ভব।”
ব্যাংক খাতের সংস্কার নিয়ে তারেক রেফাত উল্লাহ খান বলেন, “সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর সংস্কার উদ্যোগকে আমরা ইতিবাচকভাবে দেখছি। এসব উদ্যোগের সুফল এখনই পাওয়া না গেলেও অদূর ভবিষ্যতে পাওয়া যাবে। তবে সংস্কারের সুফল পেতে ধৈর্য ধরতে হবে। বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ক্ষেত্রে নিয়মকানুন শিথিল করছে এবং সেবার পরিধি বাড়াচ্ছে। উদ্যোক্তা ও ব্যক্তিপর্যায়ে আরও বেশি অংশগ্রহণের সুযোগ তৈরি করতে বিভিন্ন বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। এগুলো ভালো উদ্যোগ।”
অর্থনীতি পুনরুদ্ধারে ঘোষিত ৬২ হাজার কোটি টাকার প্যাকেজ নিয়ে তিনি বলেন, “অর্থনীতিতে গতি ফিরিয়ে আনতেই এই প্যাকেজ নেওয়া হয়েছে। তবে দীর্ঘদিন বন্ধ থাকা কলকারখানা চালু করা কঠিন কাজ। এখানে শুধু অর্থায়নই বিষয় নয়; আইনি জটিলতা, বিদ্যুৎ ও গ্যাসের সংযোগের বিষয় রয়েছে। শুধু বাংলাদেশ ব্যাংক বা অর্থ মন্ত্রণালয়ের পক্ষে এ কাজ করা সম্ভব নয়। এ জন্য সংশ্লিষ্ট সব সংস্থা ও উদ্যোক্তাদের সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে।”
খেলাপি ঋণ নিয়ন্ত্রণ ও বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “পুরো ব্যাংক খাতের বিষয়ে আমি মন্তব্য করতে পারব না। তবে আমাদের ব্যাংকে কীভাবে খেলাপি ঋণ নিয়ন্ত্রণে রাখি, তা বলতে পারি। সুশাসন, স্বচ্ছতা ও নিয়মনীতি পরিপালন—এই তিন বিষয় খুব গুরুত্বপূর্ণ। এগুলোর সমন্বয়ে ব্যাংক পরিচালনা করতে পারলে ভালো ফল পাওয়া সম্ভব। আমাদের খেলাপি ঋণের হার কম থাকার একটি কারণ হলো, ঋণ যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শক্তিশালী। আমরা সহজে খারাপ ঋণ অনুমোদন করি না। অর্থনীতি, বাজার, করনীতিসহ বিভিন্ন কারণে একজন উদ্যোক্তা স্বাভাবিক পরিস্থিতির বাইরে গিয়ে খেলাপি হতে পারেন। আমরা যদি দেখি তিনি সত্যিই পরিস্থিতির শিকার, তাহলে তাঁকে সংকট থেকে বের করে আনার চেষ্টা করি। ঋণ পুনঃ তফসিল বা পুনর্বিন্যাসের পাশাপাশি প্রয়োজনীয় কার্যকর মূলধনের সহায়তাও অব্যাহত রাখি।”
ঋণ প্রবৃদ্ধি প্রসঙ্গে তিনি আরও বলেন, “তিন-চার বছর ধরে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি যা-ই থাকুক, আমরা তার দ্বিগুণ বা তার বেশি হারে প্রবৃদ্ধি অর্জন করেছি। আমাদের প্রধান দায়িত্ব হলো শিল্প ও বিভিন্ন খাতে বিনিয়োগ করা এবং ঋণ বিতরণের মাধ্যমে সম্পদ বাড়ানো। আমরা সেটিই করছি।”
মূল্যস্ফীতি ও বিনিয়োগের বিকল্প নিয়ে তারেক রেফাত উল্লাহ খান বলেন, “এ জন্য বিকল্প বিনিয়োগের সুযোগ তৈরি করতে হবে। তার মধ্যে একটি ভালো উপায় হচ্ছে পুঁজিবাজারকে শক্তিশালী করা। বিএসইসিতে নতুন নেতৃত্ব এসেছেন। তাঁরা বিভিন্ন নীতিগত উদ্যোগ নিচ্ছেন। তবে শুধু নিয়ন্ত্রক সংস্থার পক্ষে পুঁজিবাজার শক্তিশালী করা সম্ভব নয়। বাজারে নতুন কোম্পানি তালিকাভুক্ত করতে হবে। বড় করপোরেট প্রতিষ্ঠান ও বহুজাতিক কোম্পানিগুলোকেও পুঁজিবাজারের সঙ্গে যুক্ত করা দরকার। এতে সাধারণ মানুষের জন্য বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে।”
ব্যাংকগুলোর ঋণ প্রদান নিয়ে তিনি বলেন, “এ কথা পুরোপুরি সত্য নয়। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি যখন ৪ দশমিক ৫ থেকে ৫ শতাংশের কাছাকাছি, তখন ব্যাংকগুলোর ঋণ দেওয়ার সুযোগ কতটা রয়েছে, সেটিও বিবেচনায় নিতে হবে। আমাদের ব্যাংকের বছরভিত্তিক ঋণ প্রবৃদ্ধি ১০ শতাংশের বেশি। তিন-চার বছর ধরে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি যা-ই থাকুক, আমরা তার দ্বিগুণ বা তার বেশি হারে প্রবৃদ্ধি অর্জন করেছি। আমাদের প্রধান দায়িত্ব হলো শিল্প ও বিভিন্ন খাতে বিনিয়োগ করা এবং ঋণ বিতরণের মাধ্যমে সম্পদ বাড়ানো। আমরা সেটিই করছি। তবে খারাপ বা ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগ করাও আমাদের কাজ নয়।”
মুনাফার স্থায়িত্ব নিয়ে তিনি বলেন, “আমাদের মুনাফা অবশ্যই টেকসই। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান আমাদের কার্যক্রম মূল্যায়ন করেছে। বর্তমানে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এর পেছনে সামষ্টিক অর্থনীতির পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারের অবস্থাসহ বিভিন্ন কারণ রয়েছে। আশা করি, এই পরিস্থিতির উন্নতি হবে।”
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্পর্কে তিনি জানান, “নিয়ন্ত্রক কাঠামোর মধ্যে থেকে যতটুকু এআই ব্যবহারের সুযোগ রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে তা আমরা কাজে লাগাচ্ছি। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে চমকপ্রদ ফলও পাচ্ছি। তবে নিয়ন্ত্রক কাঠামোর কারণে ব্যাপকভাবে ব্যবহার করা যাচ্ছে না।”
আগামী ১০ বছরের লক্ষ্য নিয়ে তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আগামী ১০ বছরেও যদি আমাদের ধারাবাহিক প্রবৃদ্ধি অব্যাহত থাকে, তাহলে দেশসেরা ব্যাংক হিসেবে যে অবস্থানে এসেছি, সেটি ধরে রাখতে চাই। তবে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ পরিচয় রয়েছে। এ ব্যাংকে ব্র্যাকের মালিকানা রয়েছে ৪৬ শতাংশ। ফলে সামাজিক ও অর্থনৈতিক অবদান রাখার বিষয়টি আমাদের ভাবনায় সব সময় থাকে। আমরা যে মুনাফা করি, তার ৪৬ শতাংশ ব্র্যাকের মাধ্যমে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে ব্যয় হয়। অর্থাৎ আমাদের মুনাফার একটি বড় অংশ সরাসরি দেশের মানুষের কল্যাণে যায়। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের মাধ্যমে আরও বেশি মানুষের উপকার করতে চাই, তাঁদের জীবন বদলাতে চাই। এসএমই ব্যাংকিংয়ের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে চাই। সামাজিক ও অর্থনৈতিকভাবে দেশের উন্নয়নে আরও বেশি অবদান রাখাই আমাদের লক্ষ্য।”