নতুন একটি ব্যাংকের হিসেবে শুধুমাত্র ব্যালান্স শিটের প্রসারণই লক্ষ্য নয়; বরং এটি মূলত আস্থার ওপর প্রতিষ্ঠিত একটি ব্যবসা। মানসম্পন্ন সম্পদ, অর্থবহ গ্রাহক সম্পর্ক এবং সুশৃঙ্খল প্রবৃদ্ধির ভিত্তিতে একটি টেকসই ব্যবসায়িক মডেল গড়ে তোলাই আমাদের প্রধান কৌশল। করপোরেট, এসএমই, ট্রেড ফাইন্যান্স, রিটেইল এবং ডিজিটাল ব্যাংকিংয়ের মধ্যে ভারসাম্য রেখে একটি ইকোসিস্টেম তৈরি করা হচ্ছে, যেখানে গ্রাহককে কেবল ব্যাংকিং সেবা দেওয়া নয়, বরং তার ব্যবসায়িক যাত্রার প্রতিটি পর্যায়ে বিশ্বস্ত আর্থিক অংশীদার হিসেবে পাশে থাকাই উদ্দেশ্য।

ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) ঋণ প্রক্রিয়ায় গতি এবং শৃঙ্খলার মধ্যে সামঞ্জস্য বজায় রাখা জরুরি। উদ্যোক্তার সুযোগ অপেক্ষা করে না, তাই অপ্রয়োজনীয় বিলম্ব তাদের ব্যয় বাড়িয়ে দিতে পারে। তবে দ্রুততার নামে ঝুঁকি ব্যবস্থাপনা বা ঋণ প্রদানের নিয়মকানুন পালনে ছাড় দেওয়া যাবে না। গ্রাহকের ব্যবসার ধরন, লেনদেনের আচরণ, নগদ প্রবাহ, বাজারে অবস্থান এবং ঋণ পরিশোধের সক্ষমতা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রযুক্তির মাধ্যমে তথ্য বিশ্লেষণ ও ডিজিটাল ডকুমেন্টেশনের সাহায্যে এই প্রক্রিয়াকে আরও দক্ষ করা সম্ভব। তবে চূড়ান্ত লক্ষ্য হলো সঠিক গ্রাহকের সঠিক প্রয়োজনে সঠিক অর্থায়ন নিশ্চিত করা। এটিকে আমরা 'দ্রুত ব্যাংকিং' এবং 'সঠিক ব্যাংকিং'-এর সমন্বয় হিসেবে দেখি, যেখানে দায়িত্বশীলতা এবং গতি একে অপরের পরিপন্থী নয়।

খেলাপি ঋণ রোধে ঋণ বিতরণের আগেই ঝুঁকি মূল্যায়ন শুরু হয়। শুধুমাত্র জামানতের ওপর নির্ভর না করে উদ্যোক্তার পূর্ববর্তী রেকর্ড, শিল্প খাতের গতিশীলতা এবং নগদ প্রবাহ বিশ্লেষণ করা হয়। এরপর ধারাবাহিক পর্যবেক্ষণ, পোর্টফোলিও তদারকি এবং ঋণ আদায় ব্যবস্থাপনার মাধ্যমে একটি সমন্বিত ক্রেডিট শৃঙ্খলা বজায় রাখা হয়।

ডিজিটাল ব্যাংকিং বলতে কেবল মোবাইল অ্যাপ বা অনলাইন লেনদেন বোঝানো হয় না। গ্রাহকের সম্পূর্ণ যাত্রা—অনবোর্ডিং থেকে শুরু করে লেনদেন, ডকুমেন্টেশন এবং সেবা প্রদান—সবকিছুই ডিজিটালভাবে সহজ করতে হবে। কাগজবিহীন ডকুমেন্টেশন, ইলেকট্রনিক বিল অব লেডিং এবং ডিস্ট্রিবিউটেড লেজার টেকনোলজির মাধ্যমে সময় ও পরিচালন ব্যয় কমানো যায়। প্রযুক্তি যখন গ্রাহকের জটিলতা কমায়, তখনই তার প্রকৃত মূল্য তৈরি হয়। অন্যদিকে, যেখানে বিচার-বিবেচনা বা আস্থার প্রয়োজন, সেখানে মানুষের উপস্থিতি অপরিহার্য।

সাইবার নিরাপত্তা এখন কেবল আইটি বিভাগের দায়িত্ব নয়, এটি ব্যবসায়িক ও পরিচালন ঝুঁকির সাথে সরাসরি যুক্ত। নিরাপত্তার ক্ষেত্রে মানুষ, প্রক্রিয়া এবং প্রযুক্তি—এই তিন মাত্রাকে সমান গুরুত্ব দেওয়া হয়। প্রযুক্তিনির্ভর নিয়ন্ত্রণের পাশাপাশি কর্মী ও গ্রাহক সচেতনতা বৃদ্ধিও সমান জরুরি। প্রথাগত ব্যাংকিং পণ্যগুলো আগামী দিনেও গুরুত্বপূর্ণ থাকবে, কিন্তু গ্রাহকের যাত্রা ও সেবা প্রদান আরও ডিজিটাল হতে হবে।

এআই গ্রাহকের তথ্য বিশ্লেষণ করতে পারে, বিভিন্ন ধরন শনাক্ত করতে পারে ও কর্মীদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা দিতে পারে। কিন্তু সিদ্ধান্তের ক্ষেত্রে যথাযথ মানবিক তদারকি, সুশাসন ও জবাবদিহি অপরিহার্য।