ডিজিটাল ব্যাংকিং লেনদেনকে আরও সহজ ও গতিশীল করতে ট্রাস্ট ব্যাংক এবং বিকাশ এক যৌথ চুক্তিতে আবদ্ধ হয়েছে। এই অংশীদারিত্বের ফলে এখন থেকে গ্রাহকেরা সরাসরি বিকাশ অ্যাপ ব্যবহার করেই ট্রাস্ট ব্যাংকের বিভিন্ন আর্থিক সেবার সুবিধা পাবেন।

বিকাশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক পর্যায়ে বিকাশ অ্যাপের মাধ্যমে ট্রাস্ট ব্যাংকের সঞ্চয় বা ডিপিএস (DPS) সেবা চালু করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী দিনে এই সেবার পরিধি পর্যায়ক্রমে আরও সম্প্রসারিত করা হবে।

গত বুধবার রাজধানীর একটি হোটেলে ‘এক্সপান্ডিং অ্যাক্সেস, এম্পাওয়ারিং পসিবিলিটিজ’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই যৌথ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম ও আরিফ হোসেন খান, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও আহসান জামান চৌধুরী এবং বিকাশের প্রতিষ্ঠাতা ও সিইও কামাল কাদীর।

এই উদ্যোগের গুরুত্ব বর্ণনা করে ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহা. হোসাইন আল মোরশেদ বলেন, ‘বর্তমান যুগে প্রযুক্তি আর্থিক লেনদেনের ধরন বদলে দিলেও ক্ষুদ্র ব্যবসায়ী ও স্বল্প আয়ের মানুষের জন্য সময়মতো সহজ শর্তে আর্থিক সহায়তা পাওয়া এখনো চ্যালেঞ্জিং। ট্রাস্ট ব্যাংকের দায়িত্বশীল ব্যাংকিং অভিজ্ঞতা এবং বিকাশের ডিজিটাল প্ল্যাটফর্মকে একসঙ্গে কাজে লাগিয়ে এই সাধারণ মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।’