কার্ডভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবাকে আরও বিস্তৃত করতে সরকারি ব্যাংকগুলোর মধ্যে প্রথম হিসেবে মাস্টারকার্ডের লাইসেন্স অর্জন করল বাংলাদেশ কৃষি ব্যাংক।

গত মঙ্গলবার ব্যাংকটির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এই লাইসেন্স হস্তান্তর করা হয়। মাস্টারকার্ডের দক্ষিণ এশিয়ার ডিভিশন প্রেসিডেন্ট ও ভারতের কান্ট্রি করপোরেট অফিসার গৌতম আগরওয়াল বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলীর নিকট লাইসেন্সটি হস্তান্তর করেন। ব্যাংকটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

লাইসেন্স প্রাপ্তির এই বিশেষ মুহূর্তে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী বলেন, ‘মাস্টারকার্ডের লাইসেন্স প্রাপ্তির মাধ্যমে বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো। এর মাধ্যমে গ্রাহকের কার্ডভিত্তিক লেনদেনের সুযোগ সম্প্রসারণসহ ক্যাশলেস পেমেন্ট সেবা সহজলভ্য করার কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়ক হবে।’

অন্যদিকে, মাস্টারকার্ডের দক্ষিণ এশিয়ার ডিভিশন প্রেসিডেন্ট ও ভারতের কান্ট্রি করপোরেট অফিসার গৌতম আগরওয়াল তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে এই অংশীদারত্ব দেশের আরও বেশি মানুষের কাছে ডিজিটাল পেমেন্ট সেবা পৌঁছে দিতে এবং আর্থিক অন্তর্ভুক্তিতে ইতিবাচক ভূমিকা পালন করবে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহিম, মোহাম্মদ খালেদুজ্জামান ও আবু সাঈদ মো. রওশানুল হক। এছাড়া মাস্টারকার্ডের শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার সানদুন হাপুগোদা এবং আইসিটি মহাবিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন রাজীবসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।