‘ইনোভেশন ড্রাইভস ইমপ্যাক্ট’ বা ‘উদ্ভাবনই পরিবর্তনের চালিকা শক্তি’ শীর্ষক প্রতিপাদ্য সামনে রেখে তাদের সাসটেইনেবিলিটি রিপোর্ট-২০২৫ প্রকাশ করেছে এনআরবিসি ব্যাংক। গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভের (জিআরআই) আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এই প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। ব্যাংকের ডিজিটাল রূপান্তর, গ্রামীণ অর্থনীতির ক্ষমতায়ন এবং পরিবেশবান্ধব ব্যাংকিং কার্যক্রমের সামগ্রিক অগ্রগতি এই প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এনআরবিসি ব্যাংক এই তথ্যটি জানিয়েছে।

গত সোমবার এক বিশেষ আয়োজনে ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবেদনটির মোড়ক উন্মোচন করেন। উক্ত অনুষ্ঠানে ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. আনোয়ার হোসেন ও মো. শফিকুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. তৌহিদুল আলম খান উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. শাহীন হাওলাদার, চিফ ক্রেডিট অফিসার তনুশ্রী মিত্র এবং প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) রাশেদুল ইসলামসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

প্রতিবেদনটি উন্মোচনের পর ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, “সবুজ অর্থনীতি, নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়াতে ঋণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় টেকসই ব্যাংকিংয়ের নীতিমালা যুক্ত করা হচ্ছে।”

অন্যদিকে, ডিজিটাল উদ্ভাবনের গুরুত্ব উল্লেখ করে এমডি ও সিইও মো. তৌহিদুল আলম খান বলেন, “ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে আর্থসামাজিক ও পরিবেশগত পরিবর্তন আনা সম্ভব।”