পরিবেশগত প্রভাব, সামাজিক দায়বদ্ধতা, সুশাসন এবং টেকসই অর্থায়নের সামগ্রিক চিত্র তুলে ধরে ২০২৫ সালের সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। ‘ট্রান্সফর্মিং ইনটেন্ট ইনটু প্ল্যানেটারি ইমপ্যাক্ট’ শীর্ষক এই প্রতিবেদনটি ওয়েবভিত্তিক ইন্টারঅ্যাকটিভ সংস্করণসহ প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, এটি ইউসিবির প্রকাশিত তৃতীয় সাসটেইনেবিলিটি রিপোর্ট।
ব্যাংক সূত্রে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকার করপোরেট কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। উক্ত অনুষ্ঠানে ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মামদুদুর রশীদসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে টেকসই অর্থায়নের আওতায় ইউসিবি মোট ১৭ হাজার ৯২৭ কোটি ৯ লাখ টাকা বিতরণ করেছে। এই পরিমাণ অর্থ ব্যাংকের মোট ঋণ বিতরণের ৭২ দশমিক ২৯ শতাংশ। একই সময়ের পরিসংখ্যানে দেখা যায়, গ্রিন ফাইন্যান্স বা পরিবেশবান্ধব খাতে ব্যাংকটি মোট ৪৮৮ কোটি ৬৭ লাখ টাকা বিতরণ করেছে। এছাড়া ইউসিবি লিড সনদপ্রাপ্ত ২৭টি পরিবেশবান্ধব শিল্পপ্রতিষ্ঠানে অর্থায়ন কার্যক্রম পরিচালনা করেছে, যার মধ্যে ১২টি প্রতিষ্ঠান প্ল্যাটিনাম এবং ১৩টি প্রতিষ্ঠান গোল্ড সনদপ্রাপ্ত।
ব্যাংকের এই উদ্যোগের বিষয়ে ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির বলেন, “জলবায়ু ঝুঁকির মুখোমুখি একটি দেশে ব্যাংক হিসেবে মূলধনকে বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার ও টেকসই অর্থনৈতিক অগ্রগতির অনুঘটক হিসেবে কাজে লাগানোয় বিশ্বাস করে ইউসিবি।”