আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন মো. মেহমুদ হোসেন। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৯৮৬তম সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে আইএফআইসি ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের পর গত ৪ সেপ্টেম্বর মো. মেহমুদ হোসেন স্বতন্ত্র পরিচালক হিসেবে ব্যাংকটির পরিচালনা পর্ষদে যোগ দেন। এরপর ৮ সেপ্টেম্বর তিনি পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. মেহমুদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএসএস (অনার্স) ও মাস্টার ডিগ্রি অর্জন করেছেন। ১৯৮৪ সালে তিনি ব্যাংকিং খাতে কর্মজীবন শুরু করেন। দেশের ব্যাংক ও আর্থিক খাতে মো. মেহমুদ হোসেনের প্রায় চার দশকের অভিজ্ঞতা রয়েছে। তিনি একাধিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে এক যুগের বেশি দায়িত্ব পালন করেন।