এসবিএসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অধ্যাপক মো. মাকসুদুর রহমান সরকার। গতকাল বুধবার ব্যাংকের পরিচালনা পর্ষদের ২১৫তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান এবং ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মাকসুদুর রহমান সরকার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে বিকম (সম্মান) ও এমকম পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। একই বিভাগে শিক্ষক হিসেবে যোগদানের পর কানাডার ইউনিভার্সিটি অব নিউ ব্রুন্সউইক থেকে ফিন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি।

পেশাদার দক্ষতার ক্ষেত্রেও তিনি উল্লেখযোগ্য। যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েশন ফর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ থেকে চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) লেভেল-১ এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে এফসিএমএ প্রফেশনাল ডিগ্রি লাভ করেছেন।

অধ্যাপক মাকসুদুর রহমান সরকার একজন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও প্রথিতযশা হিসাববিদ। এর আগে তিনি ৩৫টির বেশি নিবন্ধ প্রকাশ করেছেন।