আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত শনিবার রাজধানীর আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে এই সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করা হয়। উল্লেখ্য, ৮ অক্টোবর ছিল ব্যাংকটির ৫০তম বর্ষপূর্তির প্রকৃত তারিখ।

‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ এই প্রতিপাদ্যের আওতায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন। তাঁর বক্তব্যে তিনি বলেন, ‘দেশের ব্যাংকিং খাতে আইএফআইসির ৫০ বছরের পথচলা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অর্জন। তবে এই অর্জনকে ধরে রেখে সামনে এগিয়ে যাওয়াই এখন বড় চ্যালেঞ্জ। সময়ের সঙ্গে ব্যাংকিং খাতের প্রতিযোগিতা যেমন বেড়েছে, তেমনি বদলেছে গ্রাহকদের চাহিদা ও প্রত্যাশা।’

তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে সুশাসন, দক্ষ ব্যবস্থাপনা এবং আধুনিক ব্যাংকিং সেবার ওপর অধিক গুরুত্ব প্রদান করতে হবে। এই লক্ষ্য অর্জনে আইএফআইসি ব্যাংকের যে সংস্কার ও আধুনিকায়ন কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে, তা সঠিক পথেই এগোচ্ছে বলে তিনি মনে করেন।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা বলেন, ‘গ্রাহকদের অবিচল বিশ্বাস ও ভালোবাসাই আইএফআইসির পাঁচ দশকের পথচলার সবচেয়ে বড় অর্জন। আমরা এমন এক আইএফআইসি রেখে যেতে চাই, যা আগামী ৫০ বছরেও মানুষের বিশ্বাস ও নির্ভরতার ঠিকানা হয়ে থাকবে।’

বিশেষ অতিথি হিসেবে এই আয়োজনে উপস্থিত ছিলেন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. এবতাদুল ইসলাম, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক কাজী মো. মাহবুব কাশেম এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালক মো. গোলাম মোস্তফা।

এর আগে ৮ অক্টোবর আইএফআইসি ব্যাংকের দেশব্যাপী ছড়িয়ে থাকা সকল শাখা ও উপশাখাগুলোতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করা হয়েছিল।