ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে এবং গবেষণা কার্যক্রমকে প্রোৎসাহিত দিতে আইএফআইসি ব্যাংক বিশেষ আর্থিক সহায়তা প্রদান করেছে। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স হলে ‘আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ড গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬’ শীর্ষক এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার মো. মনিতুর রহমান, চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ, হেড অব ট্রেজারি মোহাম্মদ শাহীন উদ্দিন, ঢাবির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক সাইফুদ্দিন মো. তারিক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক আল আমিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও অনুষ্ঠানে যোগ দেন। ঢাবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
উক্ত অনুষ্ঠানে ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৫০ জন শিক্ষার্থীকে গবেষণা অনুদান এবং ৩০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করা হয়।
ঢাবির শিক্ষার্থীদের জন্য ২০১২ সালে আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ড গঠন করা হয়। এরপর থেকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সাড়ে চার শতাধিক শিক্ষার্থী গবেষণা অনুদান ও শিক্ষাবৃত্তির মাধ্যমে উপকৃত হয়েছেন।