২০২৫ শিক্ষাবর্ষে মেধাবী এবং আর্থিক সহায়তার প্রয়োজন এমন শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। যোগ্য শিক্ষার্থীদের সহায়তায় এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত আবেদনপত্র ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।
আবেদনের যোগ্যতা ও শর্তাবলি:
এই বৃত্তির জন্য আবেদন করতে হলে শিক্ষার্থীকে ২০২৫ শিক্ষাবর্ষে সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ডেন্টাল কলেজ অথবা ব্যাংক কর্তৃক নির্বাচিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীকে এসএসসি এবং এইচএসসি অথবা সমমানের উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ৪.৫০ অর্জন করতে হবে।
আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া:
আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময়সীমা নির্ধারিত হয়েছে আগামী ৩০ নভেম্বর। আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ আবেদনপত্রটি নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে:
পাবলিক রিলেশন ডিভিশন, জাহেদ প্লাজা, ৭ম তলা, ৩০ গুলশান, গুলশান-২ ঢাকা।
বৃত্তির বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য আগ্রহী শিক্ষার্থীরা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট www.midlandbankbd.net ভিজিট করতে পারেন।