ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতি অনুযায়ী, জ্বর, শ্বাসকষ্ট ও কাশির কারণে হাসপাতালে ভর্তি আছেন মন্ত্রী। পূর্ণাঙ্গ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের স্বার্থে তাকে আরও কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হবে।

গত মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে ৭৬ বছর বয়সী বিদ্যুৎমন্ত্রী জ্বর, শ্বাসকষ্ট ও কাশির সমস্যায় হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তাঁর চিকিৎসার ইতিহাসে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রয়েছে। এছাড়াও, কিছুদিন আগে ব্যাংককে তাঁর হৃদ্যন্ত্রের রক্তনালিতে স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছিল।

জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষায় মন্ত্রীর শ্বাসকষ্ট এবং রক্তে অক্সিজেনের মাত্রা কম পাওয়া গেলে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। এরপর আরও বিশেষজ্ঞ পরীক্ষার জন্য তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। মন্ত্রীর সুস্থতার বিষয়ে তাৎক্ষণিকভাবে তিন সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ।