জামালপুরে রাজীব পরিবহনের রুট পারমিট বাতিল ও সড়ক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে হামলার পর তারা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। হামলার বিচার এবং দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এনসিপি, জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা ওই স্থানে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিয়ে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এর আগে একই দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন জাতীয় ছাত্রশক্তি, জাতীয় যুবশক্তি ও সাধারণ শিক্ষার্থীরা। একপর্যায়ে বাস শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

এনসিপি নেতারা দাবি করেন, এই ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে জাতীয় যুবশক্তি জামালপুর জেলা শাখার আহ্বায়ক আবিদ সৌরভ এবং জাতীয় ছাত্রশক্তি জেলা শাখার আহ্বায়ক আমিনুল ইহসান মাহিন সরকারের নাম জানা গেছে।

জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইহসান বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। এ সময় শুভর নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়। এতে আমাদের বেশ কয়েকজন আহত হন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে বাস মালিক বা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এ অভিযোগের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।