গাইবান্ধার সাদুল্লাপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাদুল্লাপুর সরকারি কলেজের হিসাবরক্ষক গোলাম রব্বানী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কের পশ্চিমপাড়া এলাকার আসমা মেমোরিয়াল একাডেমির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম রব্বানী গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট বিষ্ণুপুর এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি ওই কলেজে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

সাদুল্লাপুর সরকারি কলেজের প্রভাষক মাহমুদুল হক মিলন জানান, সকালে সন্তানকে পশ্চিমপাড়ার আশ-শিফা মাদরাসায় পৌঁছে দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন গোলাম রব্বানী। পথে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের চাকায় চাপা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।