আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ শাপলা চত্বরের মামলায় পলাতক ৩০ আসামির আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত একটি বাংলা ও একটি ইংরেজি সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে।

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে মোট ৪১ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। এর মধ্যে ৩০ জন বর্তমানে পলাতক থাকায় তাদের আত্মসমর্পণের জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়েছে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ তালিকায় থাকা অন্যদের মধ্যে রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ, সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাস এবং সাবেক সংসদ সদস্য এস এম জাহিদ।

যুবলীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকেও আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ ও র্যাবের সাবেক কর্মকর্তাদের মধ্যে রয়েছেন আইজিপি হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক র্যাবপ্রধান মো. মোখলেছুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান, অতিরিক্ত মহাপরিদর্শক শেখ মুহাম্মাদ মারুফ হাসান, অতিরিক্ত মহাপরিদর্শক মাহবুব হোসেন, সাবেক অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত মহাপরিদর্শক মো. আনোয়ার হোসেন, সাবেক ডিআইজি মহা. আশরাফুজ্জামান, সাবেক অতিরিক্ত ডিআইজি এস এম মেহেদী হাসান, সাবেক ডিআইজি মোহাম্মদ হারুন–অর–রশীদ, সাবেক ডিআইজি বিপ্লব কুমার সরকার, সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, রমনা অঞ্চলের সাবেক এসি এস এম শিবলী নোমান এবং মতিঝিল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী।

মামলার মোট ১১ জন আসামি বর্তমানে কারাগারে আছেন। ট্রাইব্যুনালে আজ তাদের মধ্যে ১০ জনকে হাজির করা হয়। তারা হলেন—সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সাবেক প্রতিমন্ত্রী মো. শামসুল হক টুকু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও সাবেক ডিআইজি মোহা. আব্দুল জলিল মন্ডল।

একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা অসুস্থ থাকায় তাঁকে আজ হাজির করা হয়নি।