বাগেরহাটের পূর্ব সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পরপরই মোবাইল যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। কটকা, দুবলার চর আলোরকোল ও অফিসকেল্লায় অবস্থিত টেলিটকের তিনটি টাওয়ারের জেনারেটর বিকল হওয়ায় এলাকাটিতে নেটওয়ার্ক সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে দেশি-বিদেশি পর্যটক, জেলে, বনজীবী ও বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার তানভীর ইমরান বিষয়টি নিশ্চিত করে বলেন, "গত সোমবার (৩১ আগস্ট) সকালে হঠাৎ কটকায় থাকা টেলিটক টাওয়ারের দুটি জেনারেটর বিকল হয়ে যায়। এর পরপর দুবলার চর আলোরকোল ও অফিসকেল্লায় থাকা টেলিটকের টাওয়ারও অচল হয়ে পড়ে। সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় টেলিটকের মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়।"

তিনি আরও জানান, "তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পর্যটক প্রবেশ শুরু হয়েছে। এ সময়ে মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় পর্যটকরা স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। পাশাপাশি সাগর ও সুন্দরবনে মাছ ধরতে যাওয়া জেলে-বনজীবী এবং বন বিভাগের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে।"

দীর্ঘদিন ধরেই এই এলাকায় যোগাযোগ ব্যবস্থাকে অনিশ্চিত বলে মনে করেন স্থানীয়রা। বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, "গত তিন দিন ধরে সুন্দরবনে টেলিটকের নেটওয়ার্ক বিপর্যয়ের কারণে মোবাইল যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। কিছুদিন পরপরই সুন্দরবনে টেলিটকের নেটওয়ার্কে এ ধরনের সমস্যা দেখা দেয়।"

সমস্যার কারণ ও সমাধান নিয়ে টেলিটকের খুলনা বিভাগীয় ইনচার্জ নুর আলম বলেন, "সুন্দরবনের কটকাসহ তিনটি টেলিটক টাওয়ারের জেনারেটর একসঙ্গে বন্ধ হয়ে যাওয়ায় মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। জরুরি ভিত্তিতে জেনারেটর মেরামতের জন্য সুন্দরবনে লোক পাঠানো হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে মোবাইল যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়ে যাবে।"