ফেনীর ফাজিলপুরে কাভার্ড ভ্যান উল্টে চার ঘণ্টা ধরে আটকে থাকা চালক মো. শামীমকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা সংলগ্ন জেনিথ পাম্পের বিপরীত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চালকের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলায় এবং তাঁর পিতার নাম ইদ্রিস আকন।

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম বন্দর থেকে রহিম ইন্ডাস্ট্রির স্ক্র্যাপ ও লোহার মালামাল নিয়ে ঢাকার কাঁচপুরের উদ্দেশ্যে যাচ্ছিল কাভার্ড ভ্যানটি। ফাজিলপুরের খাইয়ারা এলাকায় কটি যাত্রীবাহী বাসের চাপে ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। দুর্ঘটনার পর চালকের সহকারী স্বস্তির নিঃশ্বাস ফেললেও চালক শামীম গাড়ির ভেতর আটকে যান।

টহলরত ফাজিলপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা গাড়িটি উল্টে থাকতে দেখে এগিয়ে যায়। ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এম. এ. ইমরান হোসেন বলেন, "সকালে টহলরত অবস্থায় সড়কের পাশে একটি গাড়ি উল্টে থাকতে দেখি। সামনে এগিয়ে গিয়ে ট্রাকের ভেতর চালককে চিৎকার করতে দেখি। তার অবস্থা বেগতিক বুঝতে পেরে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিই।"

খবর পেয়ে ফেনী সদর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ হারুন পাশার নেতৃত্বে অভিযান শুরু হয়। ভারী লোহার মালামাল ও গাড়ি দুমড়েমুচড়ে যাওয়ার কারণে উদ্ধারকাজে বেগ পেতে হয়। ফেনী সদর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ হারুন পাশা জানান, "গাড়িতে প্রচুর স্ক্র্যাপ ও ভারী লোহার মালামাল থাকায় উদ্ধার কার্যক্রম সম্পন্ন করতে কিছুটা সময় লেগেছে। এতে প্রায় ২১ টন মালামাল ছিল। তবে চালককে নিরাপদে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে।"

চার ঘণ্টার তৎপরতার পর চালককে নিরাপদে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।