চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় ফেনী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী দেবরাজ বণিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার বাবা আশিশ বণিক।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের চৌধুরীহাট পুলিশ ফাঁড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত দেবরাজ ওই ইউনিয়নের ৩ নম্বর দেওয়ানপুর বণিকপাড়া গ্রামের আশিশ বণিকের ছেলে।
স্বজনদের বরাত দিয়ে জানা যায়, দেবরাজ ও তার পিতা দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে চৌধুরীহাট এলাকায় দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে উভয়ে ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতাল সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চিকিৎসক দেবরাজকে মৃত ঘোষণা করেন। তার বাবাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তিনি আশংকামুক্ত রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তন্ময় জামশেদ বলেন, "রাতে সড়ক দুর্ঘটনায় শিকার দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে দেবরাজ বণিক নামে একজনকে মৃত ঘোষণা করি এবং তার বাবকে প্রাথমিক চিকিৎসা দেই।"
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনার খবর পেয়ে হাসপাতালে পরিদর্শনে যান। তিনি জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ওসি আব্দুল হালিম বলেন, "ঘটনার পরপর আমাদের টিম হাসপাতালে গিয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"