গাজীপুরের কালিয়াকৈরে বুধবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিটজনিত আগুনে দুই পরিবারের অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার বোয়ালী ইউনিয়নের নন্দীচালা গ্রামে রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ করে রাধাবল্লভ মালোর গোয়ালঘর ও পাশের অর্জুন মালোর বসতবাড়িতে আগুন দেখা দেয়। মুহূর্তের মধ্যেই শিখা ছড়িয়ে পড়লে গোয়ালঘরের দুটি গরু, মজুদ করা মাছ ধরার জাল এবং অর্জুন মালোর বাসার সকল আসবাবপত্র, নগদ অর্থ ও স্বর্ণালংকার পুড়ে ছাই হয়ে যায়। পরে এলাকাবাসী প্রায় এক ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি অনুযায়ী, তাদের মোট ক্ষতি অন্তত ২০ লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করে বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খান জানান, পাশাপাশি দুটি বাড়িতে রাধাবল্লভ মালো ও অর্জুন মালোর পরিবার বসবাস করে। রাতে আগুনে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি জানান, সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে ইউনিয়ন পরিষরের পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।