নাটোর সদর উপজেলার চাঁদপুর বাজারে গতকাল বুধবার রাত আটটার দিকে বৃষ্টির সুযোগ নিয়ে দুর্বৃত্তরা হোমিও চিকিৎসক আনোয়ারুল ইসলামকে (৪৬) নিজ চেম্বারে কুপিয়ে হত্যা করেছে। রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া গ্রামের বাসিন্দা আনোয়ারুল ইসলামের চেম্বারটি নাটোর-রাজশাহী মহাসড়কের পাশে অবস্থিত।

রাত আটটার দিকে মুষলধারে বৃষ্টি হওয়ায় চারপাশের বাজার ফাঁকা হয়ে যায়। এই সুযোগে দুর্বৃত্তরা চেম্বারে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে চিকিৎসককে আক্রমণ করে পালিয়ে যায়। বৃষ্টি কিছুটা কমার পর আশপাশের স্থানীয়রা চেম্বারের মেঝেতে রক্তাক্ত অবস্থায় আনোয়ারুলকে পড়ে থাকতে দেখেন। তাঁকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আশপাশের মানুষকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তবে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, হত্যাকাণ্ডটি রাত পৌনে ৮টা থেকে ৮টা ৫ মিনিটের মধ্যে সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এ সুযোগে দুর্বৃত্তরা চেম্বারে ঢুকে চিকিৎসককে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। হত্যার কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে অনুসন্ধান চলছে। মামলার প্রস্তুতি চলছে।

চাঁদপুর বাজারের এক দোকানি নাম প্রকাশ না করার শর্তে জানান, সন্ধ্যার পর থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছিল। এ কারণে বাজার অনেকটা ফাঁকা ছিল। বৃষ্টি কমার পর আনোয়ারুলের মৃত্যুর বিষয়টি জানা যায়।