হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ইনডোর খেলার সময়সূচি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর শুরু হওয়া এই সংঘর্ষে স্থানীয় দোকানপাট ভাঙচুর করা হয় এবং ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মিরপুর অংশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র অনুযায়ী, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বানিয়াগাঁও গ্রামের আব্দাল মেম্বারের ছেলে রিয়াদ মিয়া একটি ইনডোর খেলার মাঠ উদ্বোধন করেন। ওই অনুষ্ঠানে খেলার সময়সূচি নিয়ে পশ্চিম জয়পুর গ্রামের খুরশেদ মিয়ার ছেলে উজ্জ্বলের দলের সঙ্গে বিরোধের সূত্রপাত হয়।
এরই জের ধরে বুধবার দুপুরে মিরপুর এলাকায় রিয়াদ মিয়ার ভাই মুরাদ মিয়াকে একটি গাড়ি দিয়ে মোটরসাইকেলসহ চাপা দেওয়ার অভিযোগ ওঠে। খবর পেয়ে রিয়াদ মিয়া ও তার সমর্থকরা ঘটনাস্থলে গিয়ে উজ্জ্বলকে মারধর করেন বলে জানা গেছে।
পরবর্তীতে সন্ধ্যার পর বানিয়াগাঁও ও পশ্চিম জয়পুর গ্রামের লোকজন মিরপুর বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে পরিস্থিতি দ্রুত উত্তেজনার দিকে ঝুঁকে এবং দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে বাজারের বিভিন্ন দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা জানান, এতে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
সংঘর্ষের কারণে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মিরপুর অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং দূরপাল্লার যাত্রীসহ স্থানীয়রা চরম ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে স্থানীয় নেতাদের সহযোগিতায় সংঘর্ষ থামানো হয়। বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার বলেন, "বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে আহতদের সঠিক সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।"