বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন ১/১১ সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ১৮ মাসের বন্দিদশা ও আইনি প্রক্রিয়া শেষে গত ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন। বিএনপির নেতাকর্মীদের কাছে এই দিনটি একটি তাৎপর্যপূর্ণ ইতিহাস।
২০০৭ সালের ৭ মার্চ ভোররাটে বাসা থেকে তৎকালীন সরকারি কর্মকর্তাদের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। এরপর দীর্ঘ ৫৫৪ দিন কারাগারে কাটানোর পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তৎকালীন পিজি হাসপাতাল (বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) থেকে তিনি কারামুক্ত হন।
কারাগারে রিমান্ডের নামে অমানবিক নির্যাতনের শিকার হন তারেক রহমান। নিষ্ঠুর নির্যাতনে তাঁর মেরুদণ্ড ভেঙে যায় এবং শারীরিক অবস্থা খারাপ হয়ে মুমূর্ষু হয়ে পড়েন। ফলে রাজধানীর পিজি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সব মামলায় জামিন পাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায়ই তিনি সেইদিন মুক্তি লাভ করেন।
মুক্তির পরপরই শুরু হয় দীর্ঘ নির্বাসিত জীবন। উচ্চ আদালতের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাঠানো হয় বর্তমান প্রধানমন্ত্রীকে। এ সময় তাঁর সঙ্গে যান স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমান।
বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতি বছর এই দিনটিকে তারেক রহমানের কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছেন।