চলতি সেপ্টেম্বর মাসে দেশে বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতিরও আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, সেপ্টেম্বরে দেশব্যাপী বৃষ্টির স্বাভাবিক দিন সংখ্যা ১৮ থেকে ২৩টি থাকবে। বিভাগভেদে বৃষ্টির দিনগুলো হবে: ঢাকা ও ময়মনসিংহে ১৬ থেকে ২০, চট্টগ্রামে ২০ থেকে ২৪, সিলেটে ২১ থেকে ২৫, রাজশাহীতে ১৬ থেকে ২০, রংপুরে ১৮ থেকে ২২, খুলনায় ১৬ থেকে ২০ এবং বরিশালে ২০ থেকে ২৪ দিন।

দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাস প্রণয়নকারী বিশেষজ্ঞ কমিটির সভায় বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ু মডেলগুলোর তথ্য বিশ্লেষণ করে এই পূর্বাভাস প্রস্তুত করা হয়েছে। সভাটি গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, সেপ্টেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে দেশের কোনো কোনো স্থানে বৃষ্টি বাড়তে পারে এবং সাময়িকভাবে ভারী বৃষ্টিপাতও হতে পারে। এ ছাড়া মাসে তিন থেকে পাঁচ দিন বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে এবং দুই থেকে তিনটি মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

নদ-নদীর অবস্থা নিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সেপ্টেম্বরে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে। তবে ভারী বৃষ্টির কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

অন্যদিকে, গত আগস্ট মাসে দেশে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে ৫ দশমিক ৭ শতাংশ কম হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পর্যালোচনায় ওই মাসের গড় বৃষ্টিপাত ৩৫৮ মিলিমিটার রেকর্ড করা হয়, যেখানে স্বাভাবিক গড় ছিল ৩৭৯ মিলিমিটার। বিভাগভেদে বৃষ্টির হার ভিন্ন ছিল। আগস্টে চট্টগ্রাম ও ময়মনসিংহে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে, সিলেট ও বরিশালে বৃষ্টি প্রায় স্বাভাবিক ছিল, আর ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনায় স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হয়েছে।

গত মাসে কয়েক দফা লঘুচাপ ও নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হয়। এর মধ্যে ৩১ আগস্ট দেশের সর্বোচ্চ দৈনিক বৃষ্টিপাত ১৯৮ মিলিমিটার রেকর্ড করা হয়। আগস্টে সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। ৭ আগস্ট নারায়ণগঞ্জে সর্বোচ্চ ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়.