ভুয়া ভিসা ব্যবহার করে সার্বিয়া যাওয়ার চেষ্টা করা কয়েকজন যাত্রীকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়ার খবর জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
ফেসবুকে দেওয়া এক পোস্টে নুর জানান, বুধবার দুপুরে আরটিভির একজন সংবাদকর্মীর মাধ্যমে ঘটনাটি সম্পর্কে জানতে পারেন তিনি। ভিসা যাচাইয়ের সময় ভুয়া প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট যাত্রীদের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ফেরত পাঠিয়েছে বলে পোস্টে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
ঘটনার পেছনে থাকা দালাল ও প্রতারক চক্র শনাক্ত করতে সার্বিয়ার বৈধ ভিসাধারীদের সহযোগিতা চেয়েছেন নুর। ঢাকায় অবস্থানরত এমন ব্যক্তিদের বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিটের মধ্যে মন্ত্রণালয়ে তার দপ্তরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
নুর লিখেছেন, ‘দালাল ও প্রতারকদের অসাধু চক্র চিহ্নিত করতে যাদের সার্বিয়ার ভিসা আছে, তাদের সহযোগিতা প্রয়োজন।’
নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে অসাধু দালাল ও প্রতারক চক্রের বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।