শ্রম অধিকার রক্ষা, শিল্প খাতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদারের উদ্দেশ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশ ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে ঢাকার বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সদর দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা হয়। আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন ও সিনিয়র প্রোগ্রাম অফিসার রিফাত জাবীন খান ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক গাজী জসীম উদ্দিনের সঙ্গে দেখা করেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সভায় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষ থেকে একটি বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়। সেখানে পুলিশের দৈনন্দিন কার্যক্রম, শিল্পাঞ্চলে শ্রম–সম্পর্কিত বিভিন্ন সমস্যা, শ্রমিক ও শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা, শ্রম বিরোধ নিরসনে পুলিশের ভূমিকা এবং শিল্প খাতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরা হয়।

আলোচনার মূল ফোকাস ছিল আইএলওর লক্ষ্য ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্বের পারস্পরিক সামঞ্জস্যের ওপর। শ্রম অধিকার, সামাজিক সংলাপ, কর্মক্ষেত্রে ন্যায়সংগত পরিবেশ ও শোভন কর্মসংস্থান নিশ্চিত করা—এই আইএলওর লক্ষ্যগুলোর সাথে পুলিশের কার্যক্রমের যে মিল রয়েছে, তা বিশেষভাবে চিহ্নিত করা হয়। উভয় পক্ষ শ্রমিকদের অধিকার সুরক্ষা, শিল্প খাতের স্থিতিশীলতা এবং শ্রম–সম্পর্কিত বিষয়ে কার্যকর দীর্ঘমেয়াদি সহযোগিতা বাড়াতে সুযোগ নিয়ে গভীরভাবে আলোচনা করে।

এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের উপমহাপরিদর্শক (অপারেশন অ্যান্ড ক্রাইম) মো. আব্দুল্লাহ আল মামুন, উপমহাপরিদর্শক হারুন-উর-রশিদ হাযারী, উপমহাপরিদর্শক (ইন্টেলিজেন্স) মো. রেজাউল হক ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) হাসিবুল আলম উপস্থিত ছিলেন।