চট্টগ্রামের হালিশহর এলাকায় বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ৯টার দিকে উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার নিজ বাসা থেকে লাশটি পাওয়া যায়।

সহকর্মীদের তথ্য অনুযায়ী, গত বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংকে অনুষ্ঠিত একটি বৈঠকে অংশ নিয়েছিলেন তিনি। ওই সময়ে তাঁকে স্বাভাবিক মনে হয়েছিল। তবে গত দুই থেকে তিন মাস ধরে কর্মস্থলে তিনি অত্যন্ত নীরব ও চুপচাপ ছিলেন বলে জানানো হয়।

বাসায় ফেরার পর তিনি দরজা বন্ধ করে রাখেন। দীর্ঘ সময় সাড়া না পাওয়ায় স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন। সংবাদ পেয়ে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্তে রয়েছে পুলিশ। পারিবারিক সূত্র জানিয়েছে, মোহাম্মদ ছায়েদুর রহমান তিন মেয়ের জনক।