অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের পেনশন ও ভাতা-সংক্রান্ত বকেয়া বিল প্রক্রিয়াকরণের সময় অনলাইন প্ল্যাটফর্ম আইবাস++ ব্যবহার করে ১৩ কোটি ৩৭ লাখ ৪১ হাজার ৮৫৬ টাকা আত্মসাতের অভিযোগে দুই অডিট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) কার্যালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন ইশরাত জাহান ও শাহীনুর রহমান খান। তারা চিফ কন্ট্রোলার ডিফেন্স ফাইন্যান্সের আর্মি জেসিও অ্যান্ড ওআর কার্যালয়ে উপসহকারী ফাইন্যান্স কন্ট্রোলার (ডিএএফসি) পদে কর্মরত ছিলেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে জানা যায়, তারা নিজ নিজ ইউজার আইডি ব্যবহার করে ২৬ জন পেনশনারের ৩৪৬টি বকেয়া পেনশন বিল প্রক্রিয়াকরণ করে ৬ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ৯২৮ টাকা করে মোট ১৩ কোটি ৩৭ লাখ ৪১ হাজার ৮৫৬ টাকা অবৈধভাবে পরিশোধ করেছেন।

এ ঘটনায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ২ সেপ্টেম্বর ২০২৬ থেকে এই বরখাস্ত কার্যকর হয়েছে। বরখাস্তকালীন সময়ে তারা বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স, সিএজি কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, বাংলাদেশ ফর্মস ও প্রকাশনা অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। একই সঙ্গে বিষয়টি পরবর্তী গেজেটে প্রকাশের জন্যও অনুরোধ করা হয়েছে।