পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ১ সেপ্টেম্বর জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে ২৫ সদস্য বিশিষ্ট জলবায়ু অর্থায়ন সম্পর্কিত জাতীয় কমিটি (ন্যাশনাল কমিটি অন ক্লাইমেট ফাইন্যান্স) গঠন করা হয়েছে। জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিট ও কার্বন ট্রেডিংয়ের কার্যক্রমগুলোকে একটি সমন্বিত ও কার্যকর জাতীয় কাঠামোর আওতায় আনা এই পদক্ষেপের লক্ষ্য।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী মো. সাইমুম পারভেজকে কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু থাকবেন সহসভাপতি এবং মন্ত্রণালয়ের সচিব দায়িত্ব পালন করবেন সদস্যসচিবের দায়িত্ব।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার এবং প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

স্থানীয় সরকার বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিবরা কমিটির বাকি সদস্য হিসেবে দায়িত্ব পাবেন।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত এই উচ্চপর্যায়ের কমিটি জলবায়ু অর্থায়ন ও কার্বন ক্রেডিট সংক্রান্ত বাংলাদেশের জাতীয় রূপকল্প, লক্ষ্য ও কৌশলগত অগ্রাধিকার নির্ধারণ করবে। এছাড়া কার্বন ক্রেডিট ও জলবায়ু অর্থায়ন বিষয়ে জাতীয় পর্যায়ে সামগ্রিক নীতিগত দিকনির্দেশনা প্রদানও হবে এই কমিটির দায়িত্ব।