ঘরে বানানো বা দোকান থেকে কেনা স্টিম মোমোকে সহজেই থাই রেড কারির সাথে মিলিয়ে একটি অসাধারণ ডিশ তৈরি করা যায়। এই রেসিপিটি শেয়ার করেছেন সেলিনা আক্তার।
প্রয়োজনীয় উপকরণ: ১০-১২টি স্টিম মোমো, ১ টেবিল চামচ তেল, ১টি কুচি করা পেঁয়াজ, ২ টেবিল চামচ থাই রেড কারি পেস্ট, ১ ক্যান নারকেলের দুধ, ১টি ছোট টুকরা করা লেমন গ্রাস, পছন্দমতো বেসিল, আধা চা-চামচ ব্রাউন সুগার, আধা চা-চামচ তিলের তেল, আধা চা-চামচ লেবুর রস এবং স্বাদমতো লবণ ও গোলমরিচের গুঁড়া।
কিমা বা সবজির পুর দিয়ে মোমো বানিয়ে ভালোমতো সেদ্ধ বা স্টিম করে নিতে হবে। কেনা মোমো হলেও একইভাবে প্রস্তুত করতে পারেন। একটি প্যানে তেল গরম করে কুচি করা পেঁয়াজ হালকা ভেজান। এরপর এতে থাই রেড কারি পেস্ট যোগ করে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কষিয়ে নিন। মসলা ভাজা হলে নারকেলের দুধ ও লেমন গ্রাস যুক্ত করুন এবং কিছুক্ষণ কষান। পরবর্তী ধাপে বাকি সকল উপকরণ যোগ করে ফুটতে দিন। সস ঘন হয়ে আসলে স্বাদ পরীক্ষা করুন। সেদ্ধ মোমোগুলো সসের মধ্যে যুক্ত করে হালকা আঁচে ২-৩ মিনিট রান্না করুন যাতে সসের সাথে তারা সম্পূর্ণ মিশে যায়। পরিবেশনের জন্য একটি পাত্রে কারি ঢেলে তার ওপর মোমোগুলো সাজিয়ে নিন। শেষে পছন্দমতো হার্বস ছড়িয়ে পরিবেশন করুন।