ময়মনসিংহ সদর উপজেলার আলালপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি আবদুর রাজ্জাক। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের ধারা গ্রামের হোসেন আলীর ছেলে তিনি। বাকি দুই নিহতের পরিচয় শনাক্ত হয়নি।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানান, ঢাকাগামী 'শ্যামলী বাংলা পরিবহন' ও ঢাকা থেকে হালুয়াঘাটগামী 'ইমাম পরিবহন'-এর দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই যাত্রী আবদুর রাজ্জাক মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত অন্তত ১০ জনকে উদ্ধার করে। তাদের মধ্যে ৬ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।