লক্ষ্মীপুরের রামগঞ্জে টিকা দেওয়ার পর ১১ মাস বয়সী এক শিশুর ডান পায়ে পুঁজ ও রক্তক্ষরণ দেখা দিয়েছে। এই ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করা হলে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ভুক্তভোগী শিশুটির নাম জায়ান ইসলাম। সে রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আইয়েনগর গ্রামের মিজি বাড়ির রফিকুল ইসলামের ছেলে। বুধবার (২ সেপ্টেম্বর) শিশুটির বাবা রফিকুল ইসলাম এই অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের দাবি অনুযায়ী, গত ২৭ জুলাই জায়ানকে হামের টিকা দেওয়ার জন্য দরবেশপুর ইউনিয়নের আইয়েনগর পোদ্দার বাড়ির টিকাদান কেন্দ্রে নেওয়া হয়। সেখানে নিয়মিত টিকা প্রদানকারী শারমিন আক্তার শিশুটির ডান পায়ে হাঁটুর কিছুটা নিচে টিকা দেন। পরিবারের অভিযোগ, এরপর থেকেই ওই স্থানে জটিলতা দেখা দেয়।

শিশুটির দাদি রেহানা আক্তার জানান, সমস্যা দেখা দেওয়ার পর বিষয়টি টিকা প্রদানকারীকে জানানো হলেও তারা যথাযথ গুরুত্ব দেননি। উল্টো টিকা প্রদানকারীর স্বামী রাজনীতির সঙ্গে জড়িত বলে তাদের ভয়ভীতি দেখানো হয় বলে তিনি দাবি করেন।

অভিযুক্ত টিকা প্রদানকারী শারমিন আক্তার এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, "ভুল হতেই পারে। বিষয়টি নিয়ে অতিরিক্ত মাতামাতি করা হচ্ছে।"

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খন্দকার মোস্তাক আহমেদ জানান, তিনি বিষয়টি অবগত হয়েছেন এবং শিশুটির পরিবারকে তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রয়োজন হলে শিশুটিকে সরকারি হাসপাতালে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। টিকা দেওয়ার স্থানে ভুল হয়েছে কি না— এমন প্রশ্নে তিনি বলেন, "শারমিন আক্তার অনেক শিশুকে টিকা দিয়েছেন। বিষয়টি ভুল হয়েছে এবং শিশুটির চিকিৎসার ব্যবস্থা করা হবে।"

এদিকে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান জানান, শিশুটির পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।