পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান মামুনকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি আপত্তিকর ভিডিওতে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি বুধবার (২ সেপ্টেম্বর) মঠবাড়িয়া পৌরসভা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন ফরাজী নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজী ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকা ও দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে মেহেদী হাসান মামুনকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া ওয়ার্ড ও পৌর বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের তার সাথে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে ওই বিএনপি নেতাকে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর জেলাব্যাপী তীব্র সমালোচনা ও আলোচনার সৃষ্টি হলেও, ভিডিওটি ধারণের নির্দিষ্ট সময় বা স্থান নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে মামুনের মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা চালানো হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

বহিষ্কারের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান বলেন, "দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও শৃঙ্খলাভঙ্গের দায়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপির নাম ভাঙিয়ে কাউকে কোনো অসামাজিক বা অনৈতিক কর্মকাণ্ড করার সুযোগ দেওয়া হবে না।"

অন্যদিকে, মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শামীম মৃধা বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, "বহিষ্কারের বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। শুধু এটি নয়, দলের কোনো সাংগঠনিক সিদ্ধান্তই আমাকে জানানো হয় না।"