চীন থেকে পাইকারি দামে পণ্য কেনার সুযোগ দিতে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে ইজিবাই ডটকম ডটবিডি। গত ২৮ আগস্ট চালু হওয়া পাইকারি বাজার (মার্কেটপ্লেস) ও সোর্সিং মাধ্যমটি দিয়ে চীন থেকে বিভিন্ন পণ্য পাইকারি দামে কিনে বাংলাদেশে সংগ্রহ করতে পারবেন উদ্যোক্তারা। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইজিবাই।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  দেশে অনলাইন বা ছোট পরিসরে ব্যবসা শুরু করতে আগ্রহী উদ্যোক্তা, শিক্ষার্থী ও চাকরিজীবীদের জন্য পণ্য নির্বাচন, সরবরাহকারী খোঁজা এবং চীন থেকে পণ্য সংগ্রহের প্রক্রিয়া অনেক সময় জটিল হয়ে ওঠে। এসব প্রক্রিয়াকে সহজ করতে কাজ করবে ইজিবাই।

ইজিবাইয়ের তথ্যমতে, চীনে নিজস্ব গুদাম ও কার্যালয় থাকায় পণ্য কেনা ও সংগ্রহের ক্ষেত্রে ক্রেতারা বিভিন্ন ধরনের সহায়তা পাবেন। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পাশাপাশি শিক্ষার্থী, চাকরিজীবী, নতুন উদ্যোক্তা ও ই-কমার্স ব্যবসায়ীদের চীন থেকে সরাসরি পণ্য কেনার সুযোগ করে দেবে ইজিবাই।

ইজিবাইয়ের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কাওসার খন্দকার বলেন, ‘আমাদের লক্ষ্য হলো চীন থেকে পণ্য সংগ্রহের প্রক্রিয়াকে সহজ করে বাংলাদেশের উদ্যোক্তাদের নতুন ব্যবসার সুযোগ তৈরি করা এবং তাঁদের ব্যবসাকে আরও এগিয়ে নিতে সহায়তা করা।’ প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা মহসিন আলী জানান, ইজিবাইয়ের মাধ্যমে বাংলাদেশের উদ্যোক্তারা সহজে পণ্য সংগ্রহ করে নিজেদের ব্যবসা শুরু ও সম্প্রসারণ করতে পারবেন।