ইউটিউবের ভিডিওতে অ্যামাজনের পণ্য ট্যাগ করে কনটেন্ট নির্মাতারা এখন আয় করতে পারবেন। শর্টস, দীর্ঘ ভিডিও এবং লাইভ স্ট্রিমিংয়ের সময় বিভিন্ন পণ্য ট্যাগ করে বিক্রয় থেকে কমিশন পাওয়ার নতুন সুযোগটি প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসরত নির্বাচিত নির্মাতাদের জন্য চালু করেছে ভিডিও প্ল্যাটফর্মটি।
এর আগে ইউটিউবের শপিং অ্যাফিলিয়েট প্রোগ্রামের আওতায় নির্মাতারা ভিডিওর বিবরণে অ্যামাজন অ্যাসোসিয়েটসের লিংক যুক্ত করে পণ্যের প্রচারণা করতেন। দর্শক সেই লিংকে ক্লিক করে পণ্য কিনলে মাত্র তারা কমিশন পেতেন। নতুন ব্যবস্থায় ভিডিওর অভ্যন্তরেই সরাসরি পণ্য ট্যাগ করার সুযোগ পাওয়ায় দর্শকদের আলাদাভাবে বিবরণে লিংক খুঁজতে হবে না। অ্যামাজনের বিশাল পণ্যের তালিকা সংযুক্ত হওয়ায় নির্মাতারা আরও সহজে ও ব্যাপকভাবে পণ্য দর্শকদের কাছে তুলে ধরতে পারবেন।
ইউটিউব সূত্র জানিয়েছে, অ্যামাজন উচ্চ চাহিদাসম্পন্ন ও জনপ্রিয় পণ্যের একটি বাছাইকৃত তালিকা প্ল্যাটফর্মটিকে সরবরাহ করবে। নির্মাতারা ওই তালিকা থেকে পছন্দমতো পণ্য ভিডিওতে ট্যাগ করতে পারবেন। তালিকায় অনুপস্থিত কোনো পণ্য যুক্ত করতে ইউটিউবের সহায়তা কেন্দ্রে আবেদন করা যাবে। পণ্য ট্যাগিং প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় করা যাবে। তবে ইউটিউব স্টুডিওতে কোন পণ্য বা ভিডিও থেকে কত কমিশন আসলো তার বিস্তারিত হিসাব দেখা যাবে না; সেখানে নির্মাতারা কেবল দৈনিক মোট আয় দেখতে পারবেন। দর্শক যদি কেনা পণ্য ফেরত দেয়, তবে সংশ্লিষ্ট বিক্রয় থেকে প্রাপ্ত কমিশন নির্মাতার হিসাব থেকে বাদ দেওয়া হবে।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে চালু হলেও আমেরিকান নির্মাতাদের ভিডিওতে যুক্ত পণ্যের ট্যাগ বিশ্বের অন্য দেশের দর্শকরাও দেখতে পাবেন। ইউটিউবের তথ্য অনুযায়ী, বিদেশি দর্শক ট্যাগ করা পণ্য সম্পর্কে জানতে আগ্রহী হলে প্ল্যাটফর্মটি স্বয়ংক্রিয়ভাবে তাদের দেশের স্থানীয় কোনো বিশ্বস্ত বিক্রেতার পণ্য প্রদর্শন করতে পারে। স্থানীয় বিক্রেতার কাছ থেকে পণ্য বিক্রি হলেও নির্মাতারা কমিশন পাবেন। যদি কোনো দেশে স্থানীয় বিক্রেতা না পাওয়া যায়, তবে দর্শককে অ্যামাজনের যুক্তরাষ্ট্রের ওয়েবসাইটে পাঠানো হবে। সেখান থেকে পণ্য ক্রয় সম্পন্ন হলে সেই বিক্রয়ের জন্য কমিশন প্রদান করা হবে।
সূত্র: টেকক্রাঞ্চ