হোয়াটসঅ্যাপ আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন চ্যাট থিম চালু করেছে। এই আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাট উইন্ডোর ব্যাকগ্রাউন্ড নিজের পছন্দমতো সাজানোর পাশাপাশি অ্যানিমেটেড ওয়ালপেপার ব্যবহার করতে পারবেন। প্রযুক্তি বিশ্লেষণ সাইট ডব্লিউআবেটাইনফোর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন থিমগুলো পাঁচটি বিভাগে সাজানো। এগুলো হলো ফিচারড, নেচার, লাইভ, মিনিমাল ও ডুডল। ফিচারড বিভাগে থাকবে হোয়াটসঅ্যাপের ডিজাইন দলের বাছাই করা থিম। নেচার বিভাগে চ্যাটের পটভূমিতে প্রকৃতির বিভিন্ন দৃশ্য দেখা যাবে। লাইভ বিভাগে রয়েছে অ্যানিমেটেড ওয়ালপেপার, যা চেনার উপায় হিসেবে থাম্বনেইলের উপরের ডান কোণায় ছোট ‘লাইভ’ আইকন প্রদর্শিত হবে। একই আইকন ফিচারড বিভাগের কোনো থিমেও অ্যানিমেশন থাকলে দেখা যাবে। মিনিমাল বিভাগে চ্যাটের ব্যাকগ্রাউন্ড হবে সাদামাটা; লাইট মোডে তা সাদা এবং ডার্ক মোডে কালো রঙের হবে। ডুডল বিভাগে হোয়াটসঅ্যাপের পরিচিত ডুডল আকৃতির ওয়ালপেপার যুক্ত করা হয়েছে। নতুন থিম সুবিধাটি ধাপে ধাপে আইফোন ব্যবহারকারীদের কাছে পৌঁছানো হচ্ছে। ফলে অ্যাপটি হালনাগাদ করলেও সবাই এখনই এই বৈশিষ্ট্যটি পাবেন না। গত ১৩ আগস্ট নাইনটুফাইভম্যাক হোয়াটসঅ্যাপের কোড বিশ্লেষণ করে এই থিম গ্যালারির বিষয়ে প্রাথমিক তথ্য প্রকাশ করেছিল। বর্তমানে সেই পরীক্ষামূলক সুবিধাটি আইফোন ব্যবহারকারীদের জন্য সক্রিয় করা হচ্ছে।
অস্ট্রেলিয়া বার্ড ফ্লু আশঙ্কায় ম্যাককুয়ারি দ্বীপ থেকে বিজ্ঞানীদের সরিয়ে নিচ্ছে
২ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৪৮ অপরাহ্ণ