বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার একটি কৃষিজ মাঠে বজ্রপাতের শিকার হয়ে দুই ভাই নিহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মহিষপুরা পুলিশ ক্যাম্পের পেছনের মাঠে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শৌলখালী গ্রামের মণি রঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)। তারা আপন দুই ভাই। মোরেলগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান ইয়াদ জানান, বুধবার দুপুরে দুই ভাই মাঠে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বজ্রপাতে দুই সহোদরের অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দুই ভাইয়ের মৃত্যুতে উপজেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে মেহেদী হাসান ইয়াদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিহতদের পরিবারের পাশে রয়েছে। পরবর্তীতে সরকারি যেকোনো সাহায্য-সহযোগিতা পাওয়ার ক্ষেত্রেও উপজেলা বিএনপি তাদের পাশে থাকবে।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ বলেন, মৃত্যুর খবর পেয়ে জেলা প্রশাসনকে অবহিত করার পাশাপাশি ঘটনাস্থলে প্রতিনিধি পাঠানো হয়েছে। প্রাথমিক পর্যায়ে পরিবারটিকে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি.