বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে চলমান অনির্দিষ্টকালীন কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় হাসপাতাল প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়। মঙ্গলবার রাতে এক রোগীর মৃত্যুর পর তার স্বজনদের সঙ্গে হামলা-প্রত্যাহামের ঘটনায় আহত হয়েছেন ১৫ জনের বেশি চিকিৎসক। নিজেদের নিরাপত্তা ও চারটি দাবি আদায়েই এই কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে ইন্টার্ন চিকিৎসক রিতুল মণ্ডল স্নিগ্ধ, অর্পণ দত্ত, মেহেরুপ হোসেন পৃথিবী ও আহসান জারিফ যৌথভাবে বক্তব্য রাখেন। তাঁরা জানান, মঙ্গলবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী মারা যাওয়ার পর তার স্বজনরা ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা চালায়। মুমূর্ষু অবস্থায় শ্বাসকষ্টসহ আশঙ্কাজনক শারীরিক অবস্থায় রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকেরা তাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করলেও রাত ১০টায় তিনি মারা যান। এরপরই স্বজনরা হামলা শুরু করেন। এতে অন্তত ১৫ জন ইন্টার্ন চিকিৎসক আহত হন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

সংবাদ সম্মেলনে ইন্টার্ন চিকিৎসকরা চার দফা দাবি তুলে ধরেন। প্রথমত, হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। দ্বিতীয়ত, হাসপাতালের অভ্যন্তরে ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা। তৃতীয়ত, হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধির জন্য আনসার সদস্যের সংখ্যা বাড়ানো। এবং চতুর্থত, হাসপাতালের শয্যাসংখ্যার অনুপাতে প্রয়োজনীয় চিকিৎসক ও কর্মী নিয়োগ দেওয়া, পাশাপাশি একজন রোগীর সাথে একজনের বেশি স্বজন বা অ্যাটেনডেন্ট থাকতে না দেওয়া।

সংবাদ ব্রিফিংয়ে তারা বলেন, মঙ্গলবার রাতে হাসপাতালে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে মামলা দৃশ্যমান না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন।