বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদকে দেখতে হাসপাতালে গিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে আজ বুধবার প্রকাশিত এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।
পোস্ট অনুযায়ী, রাষ্ট্রপতি আজ সকালে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে পৌঁছান। সেখানেই গতকাল মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে ভর্তি হন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রাষ্ট্রপতি এ সময় মন্ত্রীর শারীরিক অবস্থা জানতে চান এবং চিকিৎসকদের সাথে আলোচনা করে তাঁর চিকিৎসা ও স্বাস্থ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ধারণা নেন। এসময় রাষ্ট্রপতি মন্ত্রীর শয্যাপাশে কিছুক্ষণ বসে থাকেন।
বিষয়টি নিশ্চিত করে মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ কায়েস মুক্তকণ্ঠকে জানান, গতকাল সন্ধ্যা থেকে মন্ত্রী জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। রাত সাড়ে ১০টার দিকে তাঁকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাঁকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।