ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপ সফর সমাপ্ত করে আজ বুধবার ঢাকা ত্যাগ করেছেন।

গত ৩০ আগস্ট দেশে পদার্পণকারী আইপিইউ মহাসচিব সফরকালে বিভিন্ন ঊর্ধ্বতন রাজনৈতিক ও সংসদীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাথে বৈঠক করেন।

সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ নারী সংসদ সদস্য ও রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন অ্যান্ডা ফিলিপ। এছাড়া তিনি জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন এবং জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন।

সফর শেষে আজ বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ত্যাগ করেন তিনি। বিদায়কালে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিবসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে বিদায় জানান।