গত ২৪ ঘণ্টায় রাজশাহী মহানগরীতে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। টানা ভারী বর্ষণে নগরীর প্রধান সড়ক, অলিগলি ও নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত ও নগরবাসী চরম দুর্ভোগে পড়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল থেকেই জলাবদ্ধতা বেড়েছে। পথচারী, শিক্ষার্থী, কর্মজীবী ও ব্যবসায়ীদের যাতায়াত করতে হচ্ছে জমে থাকা ময়লা পানির মধ্য দিয়ে। নগরীর বিভিন্ন নিচু এলাকার আবাসিক ও বাণিজ্যিক স্থানগুলোতেও পানি প্রবেশ করেছে।

জলাবদ্ধতার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায়। মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টিতে হাসপাতালের প্রধান ফটকের সামনে পানি জমেছে। ফলে জরুরি রোগী ও তাদের স্বজনদের হাঁটু সমান পানি মাড়িয়ে হাসপাতালে যাতায়াত করতে হচ্ছে। এর পাশাপাশি কোর্ট চত্বর, সিঅ্যান্ডবি মোড়, বারো রাস্তা, তেরোখাদিয়া, কলাবাগান ও চকপাড়াসহ নগরীর বিভিন্ন স্থানে সড়কের একাংশ বা পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে।

নগরবাসীর অভিযোগ, অল্প বৃষ্টিতেই এলাকাগুলো তলিয়ে যায়। এবার টানা ভারী বৃষ্টিতে পানি দ্রুত নিষ্কাশিত না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। ড্রেনগুলো ময়লা-আবর্জনা ও পলিতে ভরাট থাকায় স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে বলে তারা জানান।

পথচারী শামিউল আলম বলেন, সকালে কাজে বের হয়ে দেখি রাস্তায় পানি জমে আছে। কোথা দিয়ে হাঁটব, বুঝতে পারছি না। সামান্য বৃষ্টিতেই যদি এভাবে পানি জমে, তবে নগরবাসীর দুর্ভোগের শেষ কোথায়?

রাজশাহী কলেজের শিক্ষার্থী অনামিকা তাজরিনা বলেন, জলাবদ্ধতার কারণে স্কুল-কলেজে যাতায়াত করতে খুব সমস্যা হচ্ছে। নোংরা পানি পার হয়ে যেতে হচ্ছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা দরকার।

সাহেববাজারের ব্যবসায়ী মুন্না ইসলাম বলেন, দোকানের সামনে পানি জমে থাকায় ক্রেতারা আসতে পারছেন না। অনেক সময় পানি দোকানের ভেতরেও ঢুকে যায়। প্রতিবছর একই সমস্যা হলেও কোনো স্থায়ী সমাধান হচ্ছে না।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রিকশাচালক আব্দুল হান্নান বলেন, রাস্তায় পানি জমে থাকায় রিকশা চালাতে খুব ভয় লাগে। পানির নিচে কোথায় গর্ত আছে বা কোথায় রাস্তা নিচু—বোঝা যায় না।

হাসপাতালে আসা এক রোগীর স্বজন মরিয়ম আক্তার বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সামনেও পানি জমেছে। জরুরি রোগী নিয়ে আসা-যাওয়ার সময় এই দুর্ভোগ সত্যিই কষ্টকর।

আবহাওয়া বিষয়ক পরিস্থিতি নিয়ে রাজশাহী আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, রাজশাহীসহ আশপাশের এলাকাগুলোতে নিম্নচাপের প্রভাব রয়েছে। এই পরিস্থিতি আগামী এক থেকে দুই দিন স্থায়ী হতে পারে। এ সময় অতি ভারী বৃষ্টিসহ বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে.