ফরিদপুরের নগরকান্দায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশের পুকুরে পড়ে এবং ট্রাকটি উল্টে যায়। এখন পর্যন্ত এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ফরিদপুর থেকে ভাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিল ‘জে আর পরিবহন’-এর বাসটি। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষের পর বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। ধাক্কায় ট্রাকটিও সড়কে উল্টে যায়।

দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পুকুর থেকে যাত্রীদের উদ্ধার করেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে।

দুর্ঘটনার কারণে সড়কের ওই অংশে কিছুক্ষণের জন্য যানচলাচল বন্ধ ছিল। ট্রাক উল্টে থাকায় তীব্র যানজট দেখা দেয়। পরবর্তীতে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করলে যানচলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন মুক্তকণ্ঠকে বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দের পাশাপাশি এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মহাসড়কে অসতর্কভাবে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে তদন্তের পর দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি।