নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দুই শিক্ষকের একটি অশালীন ভিডিও ছড়িয়ে পড়ার পর গত রোববার এ ব্যবস্থা নেওয়া হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) ইশরাত নাসিমা হাবীব স্বাক্ষরিত দুটি পৃথক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। আদেশে বলা হয়েছে, অভিযুক্তদের নৈতিকতা স্খলন এবং অশালীন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইনে ছড়িয়ে পড়ায় প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের জন্য সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯ (১) ধারা অনুযায়ী তাঁদের সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্ত থাকাকালে বিধি মোতাবেক দুজন খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইশরাত নাসিমা হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগে গত ২৫ আগস্ট দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওটি গত বছরের ডিসেম্বরের। বিদ্যালয় চলাকালে বিদ্যালয়ের অফিসকক্ষেই ছিলেন ওই দুই শিক্ষক। এ সময় ভিডিওটি ধারণ করা হয়েছে।